ভবদহের দুই নদীতে চ্যানেল কাটা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশনের জন্য শ্রী ও হরি নদীতে পাইলট চ্যানেল কাটা হচ্ছে। গতকাল সোমবার দুপুরে এ চ্যানেল কাটার কাজ শুরু হয়।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যশোর কার্যালয় থেকে জানা গেছে, জরুরি ভিত্তিতে ভবদহের পানি নিষ্কাশনের জন্য শ্রী ও হরি নদীর মধ্যে একটি পাইলট চ্যানেল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ভবদহ স্লুইসগেট থেকে ভাটিতে পাঁচ কিলোমিটার দীর্ঘ চ্যানেল তৈরি করা হচ্ছে। শ্রী নদীর দুই ও হরি নদীর তিন কিলোমিটার জুড়ে হচ্ছে এ চ্যানেল। চ্যানেলের প্রস্থ ১০ এবং গভীরতা হবে ৫ ফুট। চ্যানেল কাটার জন্য গত শনিবার একটি মাটি কাটার যন্ত্র (স্কেভেটর) অভয়নগর উপজেলার ভবদহ স্লুইসগেটের কাছে আনা হয়।

গতকাল সকালে চ্যানেল কাটার কাজ উদ্বোধন করেন যশোর-৬ (মনিরামপুর) আসনের সাংসদ স্বপন ভট্টাচার্য। অনুষ্ঠান শেষে দুপুর ১২টা থেকে ভবদহ স্লুইসগেট এলাকায় শ্রী নদীতে চ্যানেল কাটার কাজ শুরু হয়।

পাউবোর যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, ‘শ্রী ও হরি নদীর মধ্যে পাইলট চ্যানেল তৈরির কাজ শুরু হয়েছে। অত্যন্ত শক্তিশালী স্কেভেটর দিয়ে ভবদহ স্লুইসগেট থেকে ভাটিতে পাঁচ কিলোমিটার পর্যন্ত এই চ্যানেল তৈরি করা হচ্ছে। আমরা এ কাজ নিয়মিত মনিটর করব। আশা করছি দ্রুত পানি নেমে যাবে।’

যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। পলি পড়ে এই অঞ্চলের পানি নিষ্কাশনের পথ মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী নাব্যতা হারিয়েছে।