ভবদহের পানি কমছে, কমেনি দুর্ভোগ

যশোরের জলাবদ্ধ ভবদহ অঞ্চল থেকে পানি কমতে শুরু করেছে। ইতিমধ্যে প্রায় আড়াই ফুটের মতো পানি কমেছে। এতে সড়কে আশ্রয় নেওয়া অনেকে ফিরে গেছে বাড়িতে। তবে পানি নামলেও কমছে না মানুষের দুর্ভোগ। পানিতে নষ্ট হয়ে গেছে অনেকের ঘরের আসবাব।
ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ কুমার বাওয়ালী প্রথম আলোকে বলেন, ২২ আগস্টের পর ভারী বৃষ্টি হয়নি। পড়েছে তীব্র রোদ। এ ছাড়া খননযন্ত্র দিয়ে শ্রী ও হরি নদীতে পাইলট চ্যানেল কাটায় নদীতে স্রোত অনেকটা বেড়েছে। এতে করে প্রায় দুই হাতের মতো পানি কমে গেছে।
গতকাল বুধবার আক্রান্ত অঞ্চলের ১০টি গ্রাম ঘুরে দেখা যায়, অনেক বাড়ি থেকে পানি নেমে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ থেকে পানি মাঠে নেমে এসেছে। সড়কে আশ্রয় নেওয়া অনেকেই ফিরে গেছে ঘরে। প্রায় ৫০ জন পানিবন্দী মানুষের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তাঁরা জানান, ২২ আগস্টের পর ভারী বৃষ্টি না হওয়ায় পানি অনেকটা শুকিয়ে গেছে।
পরিবারের সদস্যদের নিয়ে দুই দিন আগে বাড়ি ফিরেছেন মনিরামপুর উপজেলার হাটগাছা গ্রামের রূপসী সাধু। তিনি বলেন, পানি নামায় বাড়ি ফিরেছেন। কিন্তু ফিরে দেখেন পানির কারণে অনেক আসবাব ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে।
ডহর মশিয়াহাটি গ্রামের প্রসেন মণ্ডল পরিবারের সদস্য ও গরু-বাছুর নিয়ে গতকালও ছিলেন নওয়াপাড়া-কালিবাড়ী সড়কে। ঘর থেকে নামলেও এখনো উঠানে রয়েছে পানি। তিনি বলেন, ‘এখানেও (সড়কে) অনেক কষ্ট হচ্ছে। কিন্তু ঘরে থাকার মতো অবস্থা নেই। তাই আপাতত বাড়ি যাচ্ছি না।’
যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। পলি পড়ে এই অঞ্চলের পানিনিষ্কাশনের একমাত্র মাধ্যম মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী নাব্যতা হারিয়েছে। এতে নদী দিয়ে পানি নিষ্কাশিত হয় না। আগস্টে কয়েক দফা টানা প্রবল বর্ষণে ভবদহ অঞ্চলের পুরোটা তলিয়ে যায়। পানিবন্দী হয়ে পড়ে তিন লাখ মানুষ।
আক্রান্ত লোকজন বলছেন, কর্তৃপক্ষ তাঁদের দাবির কোনোটিই পূরণের উদ্যোগ নেয়নি। রণজিৎ কুমার বাওয়ালী বলেন, ‘এলাকার অনেক এলাকা জলে ভরা। এবার বোরো ধানের চাষ সম্ভব হবে না। একটি এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে চ্যানেল কাটা হচ্ছে। আরও তিনটি যন্ত্রের দাবি করে আসছি। সংখ্যা বাড়ালে আরও বেশি জল নেমে যেত। এলাকার বিলে বোরো চাষ সম্ভব হতো।’