ভবদহের পানিনিষ্কাশনের দাবিতে সড়ক অবরোধ ও স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভয়নগর উপজেলার বারান্দী পালপাড়ায় তালতলা-চুকনগর সড়ক অবরোধ করে রাখা হয় l প্রথম আলো
অভয়নগর উপজেলার বারান্দী পালপাড়ায় তালতলা-চুকনগর সড়ক অবরোধ করে রাখা হয় l প্রথম আলো

জলাবদ্ধ ভবদহ এলাকার পানিনিষ্কাশনের দাবিতে যশোরের অভয়নগর উপজেলার বারান্দী পালপাড়ায় তালতলা-চুকনগর সড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করা হয়েছে। ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির ডাকে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এই অবরোধ পালিত হয়।

একই দিন ‘ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি ছাত্র ব্রিগেড’ অবিলম্বে ভবদহ এলাকার পানি সরানোর জন্য পাঁচ দফা দাবিতে যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।

সকাল নয়টায় পাঁচ শতাধিক পানিবন্দী নারী-পুরুষ উপজেলার প্রত্যন্ত এলাকা বারান্দী পালপাড়ায় তালতলা-চুকনগর সড়কের ওপর অবস্থান নেন। তাঁরা গাছের গুঁড়ি ফেলে সড়কটি অবরোধ করেন। অবরোধকারীরা ‘নদী বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এবং ‘ভবদহের পানিবন্দীদের বাঁচাতে এগিয়ে আসুন’ লেখা ব্যানার বহন করছিলেন। বেলা দুইটার দিকে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় সাংসদ রণজিৎ কুমার রায় দ্রুত পানি নিষ্কাশনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

অবরোধ চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন পীর মোহাম্মাদ মোল্লা। এ সময় বক্তব্য দেন মাসুদ হাসান, কৃষ্ণপদ বৈরাগী, নাসির হায়দার, হাদিউজ্জামান বাবলা, মাসুম শেখ, খায়রুল মোল্লা, ফারুক হোসেন, শ্যামল কান্তি, হাবিবুর রহমান, আশরাফুল মোল্লা প্রমুখ। বারান্দী গ্রামের গৃহবধূ পারভীন বেগম বলেন, ‘ঘরের মধ্যে পানি। এই মুহূর্তে কেউ মারা গেলে কবর দেওয়ার মতো জায়গা অবশিষ্ট নেই। পরিবার-পরিজন নিয়ে রাস্তার ওপর আছি। এর স্থায়ী অবসান চাই।’ বারান্দী গ্রামের কৃষক মাসুদ হাসান বলেন, ‘এমপি সাহেব দ্রুত পানিনিষ্কাশনের আশ্বাস দিয়েছেন। তাঁর অনুরোধে আজ (গতকাল) অবরোধ তুলে নিয়েছি। পানি সরানোর ব্যবস্থা না করা হলে সড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এদিকে স্মারকলিপিতে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে রয়েছে, ভবদহ গেট থেকে শোলগাতি পর্যন্ত জরুরি ভিত্তিতে একটা চ্যানেল করে দ্রুত পানি সরানো, পানিবন্দী ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা, ভবদহের ৯ থেকে ১১ নম্বর ভেন্টের মাঝখান দিয়ে সরাসরি নদী সংযোগের ব্যবস্থা, বিল কপালিয়ায় জোয়ারাধার (টিআরএম) চালু ও উজানে দর্শনায় মাথাভাঙ্গা থেকে পদ্মার সঙ্গে ভৈরব নদের সংযোগ দিয়ে ভৈরব ও ভৈরবের শাখা নদী মুক্তেশ্বরী ও কপোতাক্ষ নদের সংস্কার করে নদী সমস্যার স্থায়ী সমাধান করা।

স্মারকলিপিতে বলা হয়েছে, মাত্র ৩৭ ঘণ্টার টানা বৃষ্টিতে ভবদহ এলাকার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ওই এলাকার প্রায় ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দী। অবিলম্বে পানি সরানো না গেলে শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটবে।

এর আগে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় সংহতি জানিয়ে বক্তব্য দেন ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভৈরব নদ সংস্কার আন্দোলনের নেতা এলাহদাদ খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের কেশবপুরের আহ্বায়ক আবু বকর সিদ্দিকী, বাংলাদেশ ছাত্রমৈত্রীর জেলা কমিটির সভাপতি রাশেদ খান, ছাত্র ব্রিগেড নেতা বিশ্বজিৎ দত্ত প্রমুখ।