নদীর অবস্থা দেখতে ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা ভবদহ অঞ্চলের নদীগুলো পরিদর্শন করেছেন। গতকাল শুক্রবার তাঁরা টেকা, শ্রী ও হরি নদী পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তাঁরা খুলনার ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ি সালথিয়া এলাকায় হরি নদীর পারে সালথিয়া-শোলগাতিয়া সড়কের ওপর এক বৈঠক করেন। বৈঠকে তাঁরা ভবদহের বর্তমান অবস্থায় উদ্বেগ প্রকাশ করেন।
ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা গতকাল সকালে ভবদহে আসেন। এরপর তাঁরা অভয়নগর উপজেলার টেকারঘাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ি পর্যন্ত টেকা, শ্রী ও হরি নদীর অবস্থা ঘুরে ঘুরে দেখেন। পরে হরি নদীর পারে সালথিয়া-শোলগাতিয়া সড়কের ওপর তাঁরা বৈঠক করেন। ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ কুমার বাওয়ালীর সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, প্রধান সমন্বয়কারী বৈকুণ্ঠ বিহারী রায়, সমন্বয়কারী চৈতন্য কুমার পাল এবং কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন অভয়নগর উপজেলার বারান্দী গ্রামের মাসুদ হাসান, মশিয়াহাটী গ্রামের সমীরণ পাঁড়ে, আন্ধা গ্রামের অমিতাভ মল্লিক, সরখোলা গ্রামের ইলিয়াস হোসেন, ডুমুরতলা গ্রামের শিবপদ বিশ্বাস, মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের সনজিত বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, নদীগুলো পলিতে ভরাট হয়ে যাচ্ছে। জোয়ারের পানি আসছে নদীগুলোতে। কিন্তু ভাটায় পানি নামছে কম। নদী দিয়ে পানি নিষ্কাশিত না হওয়ায় এলাকার বিলগুলো বৃষ্টির পানিতে ভরে উঠছে। বৃষ্টির পরিমাণ বাড়লে বিল উপচে পানি সংলগ্ন গ্রামগুলোতে ঢুকে পড়বে। দেখা দেবে জলাবদ্ধতা। তাঁরা বলেন, একজন সাংসদ এবং তাঁর ছেলে বিনা দরপত্রে কাজ এনে নদী কাটছেন। কাজ ঠিকমতো করা হচ্ছে না। টাকা লুটপাট করা হচ্ছে। টিআরএম বা জোয়ারাধার (টাইডল রিভার ম্যানেজমেন্ট) নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে।
বৈঠকে সংগ্রাম কমিটির নেতারা ভবদহ স্লুইসগেট থেকে যশোর জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন। এ ছাড়া, ভবদহ অঞ্চলের মানুষের সচেতনতা সৃষ্টি এবং নদী খননে অনিয়ম তুলে ধরে সংগ্রাম কমিটির পক্ষ থেকে লিফলেট বিতরণ এবং এলাকার হাটগুলোতে হাটসভার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈকুণ্ঠ বিহারী রায় বলেন, এক সাংসদের ছেলের বন্ধুর নামে বিনা দরপত্রে নদী খননের কাজ নেওয়া হয়েছে। ওই সাংসদের ছেলে নদী খনন করছেন। কাজ ঠিকমতো করা হচ্ছে না। টাকা লুটপাট করা হচ্ছে।
ইকবাল কবির বলেন, ‘নদীগুলোর অবস্থা দেখে আমরা রীতিমতো স্তম্ভিত। জোয়ারে নদী দিয়ে পানি আসছে ঠিকই কিন্তু ভাটায় পানি নামছে খুব সামান্য। পানি নিষ্কাশিত না হওয়ায় বৃষ্টির পানিতে বিলগুলো ভরে উঠছে। টিআরএম নিয়ে এলাকার মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। একটি মহল টিআরএম নিয়ে সরকারকে বিভ্রান্ত করছে। নদী খননের যে কাজ হচ্ছে তাতে সমাধান হচ্ছে না। বরং অবস্থা খারাপ হচ্ছে। এভাবে নদী কাটতে থাকলে নদীর প্রায় ১০০ কিলোমিটার পলিতে ভরাট হয়ে যাবে।’ ইকবাল কবির বলেন, টিআরএম বাস্তবায়নে অগ্রাধিকার না দিয়ে একজন সাংসদের পরামর্শে পানিসম্পদমন্ত্রী নদী কাটার জন্য থোক বরাদ্দ দিচ্ছেন। নদী খননের নামে জনগণের টাকা লোপাট করা হচ্ছে। অবিলম্বে বিল কপালিয়ায় টিআরএম বাস্তবায়ন করতে হবে। সমস্যা সমাধানে আন্দোলনের কোনো বিকল্প নেই। অবিলম্বে ভবদহ স্লুইসগেট থেকে যশোরের জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত পদযাত্রা করা হবে। এ ছাড়া, সমস্যা তুলে ধরে এলাকার হাটগুলোতে হাটসভা ও লিফলেট বিতরণ করা হবে। পর্যায়ক্রমে আন্দোলন জোরদার করা হবে।
পাংশায় কুপিয়ে যুবক খুন
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রাম থেকে গতকাল শুক্রবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মিরাজ জোয়ারদার (৩২)। তিনি একই গ্রামের ইউনুস জোয়ারদারের ছেলে। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মিরাজের দাদি বলেন, ‘বৃহস্পতিবার মিরাজ তার স্ত্রীকে বাবার বাড়িতে দিয়ে আসে। সন্ধ্যায় সে বাড়িতে চলে আসে। রাত সাড়ে ১০টার দিকে তার ফোনে কল আসে। ফোন পাওয়ার পর মিরাজ বাড়ি থেকে বের হয়। যাওয়ার সময় জরুরি কাজ আছে বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে আর সে বাড়ি ফেরেনি। প্রতিবেশীদের কাছ থেকে সকালে তার লাশ পাওয়ার কথা জানতে পারি।’
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, মিরাজের বাবা কুষ্টিয়ায় কাঠের ব্যবসা করেন। মিরাজের স্ত্রী দুজন। দ্বিতীয় বিয়ের পর থেকে বড় স্ত্রীর সঙ্গে আর তেমন কোনো যোগাযোগ রাখতেন না মিরাজ। মূলত দাদির সঙ্গেই তিনি বসবাস করতেন। মিরাজ নিয়মিত কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। স্থানীয় চরমপন্থী সংগঠন মোয়াজ্জেম বাহিনীর সঙ্গে তাঁর ওঠাবসা ছিল। চাঁদাবাজির অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে।
ভোরে সাজুরিয়া শাহ আবদুল্লাহ রুমি ঈদগাহ ও গোরস্থানের পাশে রাস্তায় তাঁর লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তাঁর বাঁ পাশের একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। হাত ও পায়ের কবজি কেটে ফেলা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) ফজলুল করিম বলেন, মিরাজের বিরুদ্ধে চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল।