ভবদহের সব খাল উদ্ধার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ভবদহে টিআরএম (জোয়ারধার) বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। তবে এবার টিআরএম বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। আগামী শুষ্ক মৌসুমে টিআরএম বাস্তবায়ন শুরু হবে। এলাকার সব খাল উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহজ শর্তে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ জন্য ৩০০ কোটি টাকা লাগবে। তিনি বলেছেন, এই সময়ের মধ্যে যাতে জলাবদ্ধতা না হয়, সে জন্য আগামী ১ এপ্রিল থেকে নদী খনন শুরু করা হবে। এ জন্য আড়াই কোটি টাকা ব্যয় হবে।

আজ বৃহস্পতিবার যশোরের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার দীর্ঘমেয়াদি সমাধানকল্পে কারিগরি ও পরিবেশবান্ধব পরিকল্পনা এবং সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ওপর অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) যৌথ উদ্যোগে এই জাতীয় কর্মশালার আয়োজন করে।

জোয়ারাধার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষকদের শত শত বছরের পুরোনো নিজস্ব উদ্ভাবিত একটি কৃষিপদ্ধতি। অতীতে কৃষকেরা বছরের একটি নির্দিষ্ট সময়ে নদীতে বাঁধ দিয়ে নোনা পানি ঠেকিয়ে আবাদ করতেন এবং আবাদ শেষে বাঁধ কেটে জোয়ারে পলি তুলে বিল উঁচু করে নিতেন। এর নামই অষ্টমাসী বাঁধ। মাঘী পূর্ণিমায় বাঁধ দিয়ে আষাঢ়ী পূর্ণিমায় খুলে দেওয়া হতো। এভাবে একই সঙ্গে চলত চাষাবাদ আর ভূমিগঠনের কাজ। এতে নদী নাব্য থাকত। নদী দিয়ে পানি নিষ্কাশিত হওয়ায় কোনো জলাবদ্ধতা সৃষ্টি হতো না।
মূল নদীসংলগ্ন যেকোনো একটি নির্বাচিত বিলের তিন দিকে পেরিফেরিয়াল বাঁধ নির্মাণ করে অবশিষ্ট দিকের বেড়িবাঁধের একটি অংশ উন্মুক্ত করে বিলে জোয়ার-ভাটা চালু করা হয়। এটাই জোয়ারাধার নামে পরিচিত। এই পদ্ধতিতে সাগর থেকে জোয়ারের সঙ্গে আসা পলি পর্যায়ক্রমে এলাকার একটি করে বিলে ফেলে বিল উঁচু করার পাশাপাশি নদীর নাব্যতা বৃদ্ধি হয়।
আজকের কর্মশালায় পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে গঙ্গা ব্যারাজ নির্মাণ করতে হবে। এতে করে গড়াই নদ ও হিসনা নদী পুনরুদ্ধার হবে। ফলে এই এলাকার অর্থনীতি পাল্টে যাবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, মাছের ঘেরের মালিকেরা পরিকল্পিতভাবে মাছের ঘের করছেন না। তাঁরা পানিনিষ্কাশনের পথ বন্ধ করে দিচ্ছেন। তাঁরা সরকারি খাল, রাস্তা দখল করছেন। এ কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এগুলো বন্ধ করা দরকার।
ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, টিআরএম হবে কি হবে না, এ সংশয় দেখা দিয়েছে ভবদহ এলাকার মানুষের মধ্যে। কারণ, ভবদহ স্লুইসগেট হচ্ছে সোনার ডিম পাড়া রাজহাঁস। এই রাজহাঁস মেরে ফেললে ব্যবসা নষ্ট হবে। তিনি ভবদহ স্লুইসগেটের ২১ কপাট (ভেন্ট) ও নয় কপাটের মধ্য দিয়ে কেটে শ্রী নদীর সরাসরি সংযোগ, বিল কপালিয়ায় প্রস্তাবিত টিআরএমের সময়কাল নির্ধারণ, টিআরএম চলাকালীন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া এবং জলাবদ্ধ ভবদহ এলাকার মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন বলেন, বিল কপালিয়ায় টিআরএম করা নিয়ে সভার পর সভা হয়। কিন্তু টিআরএম হয় না। আমি টিআরএম বাস্তবায়ন নিয়ে আজও সন্দিহান।
যশোরের জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন যশোর-৫ আসনের সাংসদ স্বপন ভট্টাচার্য এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ, আইডব্লিউএমের নির্বাহী পরিচালক এম মনোয়ার হোসেন প্রমুখ।