এক বছর আগে গড়ে তোলা হয়েছে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি। চারতলা ভবন, ছাত্রাবাস, শিক্ষকদের আবাসনসহ আনুষঙ্গিক বিভিন্ন সুবিধা থাকার পরও চালু হচ্ছে না প্রতিষ্ঠানটি। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ও জনবলের অভাবে প্রতিষ্ঠানটি চালু করা যাচ্ছে না।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল অঞ্চলে অসংখ্য রোগনির্ণয় কেন্দ্র থাকলেও এসব কেন্দ্রে দক্ষ প্যাথলজিস্ট নেই। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি স্থাপনের উদ্যোগ নেয়। এ জন্য ১৬ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই অর্থে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে চার তলাবিশিষ্ট একাডেমিক ভবন, পাঁচ তলাবিশিষ্ট একটি ছাত্রাবাস, চার তলাবিশিষ্ট একটি ছাত্রীনিবাস, অধ্যক্ষ ভবন ও শিক্ষকদের আবাসনব্যবস্থা গড়ে তোলা হয়। ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর কাজ শেষ করে এসব স্থাপনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ভবন নির্মাণের পর স্বাস্থ্য অধিদপ্তর থেকে ওই প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু তৎকালীন অধ্যক্ষ সৈয়দ জাহিদ হোসেন জনবল-সংকটের কারণ দেখিয়ে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। গত ৭ জুন স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের সিভিল সার্জনকে প্রতিষ্ঠানটির অতিরিক্ত দায়িত্ব দেয়। তিনি দায়িত্ব নেওয়ার পর ইনস্টিটিউটটি চালুর জন্য এখানে সাতজন কর্মচারীকে প্রেষণে বদলি করে আনা হয়েছে। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ ও পর্যাপ্ত জনবল না থাকায় প্রতিষ্ঠানটি চালু করা যাচ্ছে না।একটি সূত্র জানায়, সিভিল সার্জনকে নামে অধ্যক্ষ করা হলেও এখানে পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হয়নি। এ বছর আর শিক্ষার্থী ভর্তি করে কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। বরিশালে কর্মরত চিকিৎসক পীযূষ কান্তি দাস বলেন, বরিশালের বিভিন্ন রোগনির্ণয় কেন্দ্রে কোনো পাস করা টেকনিশিয়ান নেই। মেডিকেল কলেজে কয়েকজন আছেন তাঁরা ঘুরে ঘুরে বিভিন্ন রোগনির্ণয় কেন্দ্রে গিয়ে কাজ করেন। প্রতিষ্ঠানটি চালু হলে এ ক্ষেত্রে প্রশিক্ষিত টেকনিশিয়ান পাওয়া সম্ভব হবে।বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এম আর তালুকদার বলেন, বরিশালের বিভিন্ন রোগনির্ণয় কেন্দ্রে হাতুড়ে টেকনিশিয়ান দিয়ে কাজ চলছে। এই প্রতিষ্ঠানটি চালু হলে দক্ষ ও প্রশিক্ষিত টেকনিশিয়ান পাওয়া যেত।বরিশালের সিভিল সার্জন অনিল চন্দ্র দত্ত বলেন, ‘আমি শুধু দায়িত্বভার গ্রহণ করার অনুমতি পেয়েছি। সাতজন কর্মচারী প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি চালু করার কোনো নির্দেশনা পাইনি।’