দেশের সব বাংলা ও ইংরেজি মাধ্যমের নার্সারি, কিন্ডারগার্টেন ও প্রিপারেটরি বিদ্যালয়গুলোকে নিবন্ধনের আওতায় আনার জন্য নতুন বিধিমালা করছে সরকার। এলাকাভেদে বিদ্যালয়ের নিবন্ধনের জন্য আলাদা পরিমাণ টাকা, ভবন ও সংরক্ষিত তহবিলসহ বেশ কিছু বিধান রেখে বিধিমালার খসড়াও প্রণয়ন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত বিধিমালার আইনগত বিষয়গুলো দেখার জন্য কয়েক দিন আগে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।বর্তমানে গ্রামগঞ্জ ও শহরের অলিগলিতে গড়ে উঠেছে অসংখ্য কিন্ডারগার্টেন। কিন্তু নিবন্ধনের আওতায় না আসায় এসব প্রতিষ্ঠানের সংখ্যা ও গুণগত মান নিয়ে কারও কোনো ধারণা নেই। আট বছর আগে অভিন্ন নীতিমালার আওতায় দেশের সব নার্সারি ও কিন্ডারগার্টেন স্কুলগুলোকে নিবন্ধন করার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন প্রথম আলোকে জানান, কিন্ডারগার্টেনগুলোকে নিবন্ধন করার জন্য নতুন এই বিধিমালা করা হচ্ছে।মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, খসড়াটি আইন মন্ত্রণালয় থেকে ফেরত পাঠানোর পর এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।বেসরকারি প্রাথমিক (বাংলা ও ইংরেজি মাধ্যম) বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০১১-এর খসড়া অনুযায়ী, বিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও শিক্ষকের গড় অনুপাত হবে ৩০ অনুপাত ১। এর বেশি হলে অনুমতি নিয়ে শাখা খুলতে হবে।খসড়া অনুযায়ী, মহানগর ও অন্যান্য বিভাগীয় শহরে অবস্থিত নার্সারি, কিন্ডারগার্টেন ও প্রিপারেটরি বিদ্যালয় স্থাপনের জন্য পাঁচ হাজার টাকা, জেলা সদরের জন্য তিন হাজার এবং উপজেলাসহ অন্যান্য এলাকার জন্য দুই হাজার টাকা দিয়ে আবেদন করতে হবে। এরপর সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করে মতামতসহ আবেদনপত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন। এরপর মন্ত্রণালয়ের মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী অনুমতির প্রাথমিক সনদ দেওয়া হবে। এর মেয়াদ হবে এক বছর। প্রাথমিক অনুমোদনের পর নির্ধারিত সব শর্ত মেনে আবেদন করার পর সেটি যাচাই-বাছাই করে তিন বছরের জন্য অস্থায়ী সনদ এবং পরে আবার পাঁচ বছরের জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। পাঁচ বছর শেষ হলে আবার পাঁচ বছরের জন্য নবায়ন করতে হবে। এ জন্য এলাকাভেদে আলাদা ফি দিতে হবে।প্রস্তাবিত বিধিমালায় কিন্ডারগার্টেন বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে পঞ্চম শ্রেণী পর্যন্ত সম্ভব না হলেও কমপক্ষে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করে পাঠদান কার্যক্রম শুরু করতে হবে। ঢাকা মহানগর এলাকায় বিদ্যালয়ের জন্য কমপক্ষে ৮ শতাংশ, পৌর এলাকায় ১২ শতাংশ এবং অন্যান্য এলাকার জন্য কমপক্ষে ৩০ শতাংশ জমি লাগবে। এটি ভাড়া বা নিজস্ব জমি হতে পারে। তবে ন্যূনতম তিন হাজার বর্গফুট আয়তনের একটি ভবন এবং কমপক্ষে ছয়টি কক্ষ থাকতে হবে।এ ছাড়া প্রতিটি বিদ্যালয়ের জন্য একটি সংরক্ষিত ও একটি সাধারণ তহবিল থাকবে। সংরক্ষিত তহবিলে মহানগর এলাকার জন্য এক লাখ টাকা, জেলা সদরের জন্য ৭৫ হাজার, উপজেলা ও পৌরসভা এলাকার জন্য ৫০ হাজার এবং ইউনিয়ন পর্যায়ে অবস্থিত বিদ্যালয়ের জন্য ২৫ হাজার টাকা সঞ্চয়পত্র আকারে বা কোনো তফসিলি ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে জমা রাখতে হবে। ব্যক্তিনামে প্রতিষ্ঠান করতে চাইলে উদ্যোক্তাকে তিন লাখ টাকা বিদ্যালয়ের স্থায়ী আমানত হিসেবে সংরক্ষিত তহবিলে জমা রাখতে হবে এবং ওই বিদ্যালয়ের উন্নয়নকাজে এই টাকার লভ্যাংশ ব্যয় করা যাবে।বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটি রাখারও প্রস্তাব করা হয়েছে। এ কমিটির মেয়াদ হবে তিন বছর। বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী নিয়োগ, ছাত্রছাত্রীদের বেতন নির্ধারণসহ কিছু কাজ করবে এ কমিটি। শিক্ষার গুণগত মান ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা বিবেচনা করে কমিটিকে শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য ফি ঠিক করতে হবে।খসড়ায় বলা হয়েছে, বিদ্যালয়গুলোকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদিত বই আবশ্যিকভাবে অন্তর্ভুক্ত বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষাক্রম অনুসরণ করতে হবে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে এর বাইরেও অতিরিক্ত যুগোপযোগী বই পাঠ্যপুস্তকের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে।মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই বিধিমালা চূড়ান্ত হলে অন্যান্য বিধিতে যা-ই থাকুক না কেন, নার্সারি, কিন্ডারগার্টেন ও প্রিপারেটরি বিদ্যালয় নিবন্ধনের ক্ষেত্রে এই বিধিমালার বিধান প্রাধান্য পাবে। ইংরেজি মাধ্যমের জন্য আগে একটি বিধিমালা করা হলেও এখন তারা চলবে নতুন বিধিমালা অনুযায়ী।