ভবন আছে, শিক্ষকও আছেন তবুও বন্ধ
বিলের মধ্যে ঠায় দাঁড়িয়ে আছে ভবনটি। অথচ কয়েক বছর আগেও এই ভবন ঘিরে ছিল প্রাণের স্পন্দন। ভবনের সামনের মাঠটি ছিল শিক্ষার্থীদের কোলাহলে মুখর। সেই মাঠেই এখন তৈরি হয়েছে ধানের বীজতলা। তার সামনের বা পেছনের অংশে মাছের খামার গড়ে তোলা হয়েছে।খুলনার সর্ববৃহৎ বিল বিল ডাকাতিয়ার মাঝখানে এ ভবনটি বসুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শিক্ষার্থী না থাকার অজুহাতে আট বছর ধরে এটি বন্ধ রাখা হয়েছে। এই বিদ্যালয়ের নামে কর্মরত শিক্ষকেরা অন্য জায়গায় নিয়োজিত। স্থানীয়রা বলছেন, বিদ্যালয়টি যখন বন্ধ করা হয়েছিল, তখনো ৩৫ জন শিক্ষার্থী ছিল। শুধু সড়ক যোগাযোগের অভাবে স্থানীয় প্রশাসন বিদ্যালয়টি বন্ধ করে দিয়েছে। এ কারণে এলাকার শিশুদের অনেক কষ্ট করে দূরের বিদ্যালয়ে যেতে হচ্ছে।এলাকাবাসী ও উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৫২ সালে খুলনার বিল ডাকাতিয়ার মধ্যে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে বসুরাবাদ গ্রামে গণেশ সরকারের দেওয়া ৫০ শতাংশ জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। খুলনা শহরের উপকণ্ঠের এ গ্রামটি ১৯৮৮ সালের ঝড়ে একেবারেই তছনছ হয়ে যায়। উপজেলার সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা ধ্বংস হয়ে যাওয়ায় গ্রামবাসীর অনেকেই গ্রাম ছেড়ে চলে যায়। ওই স্কুলে ছাত্রছাত্রী কমতে শুরু করে। একদিকে স্কুল, অন্যদিকে আশ্রয়কেন্দ্র গড়ার লক্ষ্যে সরকার ১৯৯২ সালে চার কক্ষের একটি আধুনিক ভবন তৈরি করে। কিন্তু ২০০৪ সালে শিক্ষার্থীর অভাব দেখিয়ে বিদ্যালয়টি বন্ধ করে দেওয়া হয়। শিক্ষকদের অন্যত্র বদলি করা হয়। সেই থেকে বিদ্যালয় ভবনটি অযত্ন-অবহেলায় দাঁড়িয়ে আছে। আর গ্রামের ছেলেমেয়েরা অনেক কষ্ট করে চিংড়িঘেরের বেড়িবাঁধ (আইল) ধরে কয়েক কিলোমিটর দূরের বিদ্যালয়ে যেতে বাধ্য হচ্ছে।বন্ধ হওয়ার আগপর্যন্ত বিদ্যালয়ের সভাপতি বসুরাবাদ গ্রামের কৃষক বিনয় বিশ্বাস বলেন, ১৯৮৮ সালের ঝড়ের আগে গ্রামে প্রায় ৭০০ বাসিন্দা ছিল। বর্তমানে দুই শতাধিক মানুষের মধ্যে ৩৫ থেকে ৪০টি শিশু প্রতিদিন অনেক কষ্ট করে বিলের আইল দিয়ে অনেক দূরের বিদ্যালয়ে যাচ্ছে। সরকার শিক্ষার প্রতি গুরুত্ব দিলেও বিদ্যালয়টি চালুর উদ্যোগ নিচ্ছে না। গ্রামের উত্তম বিশ্বাস (৩২) বলেন, ‘আমাগে গ্রামে এতগুলো মানুষ বাস করি। কিন্তু যাতায়াতের কোনো রাস্তা নেই। ঘেরের ভেড়ি দিয়ে শুকনোর সময় চলাচল করি। বর্ষায় নৌকো ছাড়া পথ নেই। আমাগে ছেলেমেয়েরা শুকনোর সময় দূরি যাতি পাল্লিউ বর্ষার পাঁচ মাস বাড়ি বইসে থাহে।’বসুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে উপজেলার গাড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত মনিরা খাতুন বলেন, ‘আমি কখনো বসুরাবাদ যাইনি। শুনেছি, সেখানে ছাত্রছাত্রী নেই। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোজাফ্ফর উদ্দিন বলেন, খোঁজ নিয়ে চালুর চেষ্টা করবেন তিনি।আওয়ামী লীগদলীয় স্থানীয় সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘গ্রামের মানুষ চাইলে স্কুলটি চালু করতে আমি ব্যবস্থা নেব।’