ভবন ও বিদ্যুতের মই থেকে পড়ে তিন শ্রমিক নিহত
উত্তরা, মিরপুর ও মোহাম্মদপুরে গতকাল সোমবার পৃথক তিনটি দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছেন। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।
এর মধ্যে গতকাল বিকেলে উত্তরার ১৫ নম্বর সেক্টরে ১৬ তলা একটি নির্মাণাধীন ভবনের ১২ তলা থেকে পড়ে যান দুই শ্রমিক। এতে মাইনুদ্দিন (২৫) নামে একজন নিহত ও রহমত (২৮) নামে একজন আহত হয়েছেন। রহমতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাকিন বলেন, কাজ করার সময় ১২ তলা থেকে পড়ে গিয়ে ওই হতাহতের ঘটনা ঘটে।
এদিকে গতকাল সকালে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে বিদ্যুতের ট্রান্সফরমারের কাজ করার সময় মই থেকে পড়ে নিহত হয়েছেন কবির হোসেন (৪০) নামে একজন বিদ্যুৎ মিস্ত্রি। তাঁর সহকর্মী নাসির মিয়া জানান, চুক্তির ভিত্তিতে বিদ্যুতের লাইনম্যানের কাজ করেন তাঁরা। গতকাল সকালে জহুরী মহল্লায় কাজ করার সময় মই থেকে নিচে পড়ে গুরুতর আহত হন কবির হোসেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
গতকাল সকালে প্রায় একই সময়ে মিরপুর ১৩ নম্বর সেকশন এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আলম মিয়া (২৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।