বান্দরবানের জেলা আবহাওয়া কার্যালয়ের ভবনটি পাঁচ বছর আগে উদ্বোধন করা হয়। কিন্তু জায়গা নিয়ে মামলা চলায় এখনো কার্যালয়ে যন্ত্রপাতি বসানো যায়নি। পাঁচ বছরেও চালু না হওয়ায় কার্যালয়ের মূল্যবান যন্ত্রপাতিগুলো অকেজো হয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বান্দরবান আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, জেলা সদর থেকে সাত কিলোমিটারে দূরে মেঘলা এলাকায় পাহাড়ের ওপর জেলা আবহাওয়া কার্যালয়ের দোতলা ভবনটি নির্মাণ করা হয়। ২০১২ সালের জানুয়ারিতে ভবনটি উদ্বোধন করা হয়। তিন একর জায়গার ওপর ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৫২ লাখ টাকা। ভবন নির্মাণ শেষে কার্যালয়ের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হয়েছে। সেগুলোর মধ্যে মাটির তাপমান যন্ত্র, বায়ুর চাপ-তাপ-গতি ও আর্দ্রতা পরিমাপক যন্ত্র, সৌর রশ্মি পরিমাপকসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি রয়েছে। তবে বিপত্তি বাধে বছর তিনেক আগে যন্ত্রপাতিগুলো স্থাপনের সময়। যন্ত্রপাতি বসানোর নির্ধারিত ওই জায়গাটির মালিকানা দাবি করে স্থানীয় এক ব্যক্তি আদালতে মামলা করেন। এতে যন্ত্রপাতি স্থাপন প্রক্রিয়া ঝুলে যায়।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায় আবহাওয়া কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকতে। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় ভবনটির বিভিন্ন স্থানে শ্যাওলা জমেছে।
কার্যালয়টিতে একজন সহকারী আবহাওয়াবিদসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীর পদ রয়েছে। তবে চালু না হওয়ায় আপাতত দুজনকে ওই কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
কার্যালয়ের আবহাওয়া সহকারী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমরান প্রথম আলোকে বলেন, আবহাওয়াকেন্দ্রের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি যা যা প্রয়োজন তার সবকিছুই আছে। এসব যন্ত্রপাতি স্থাপিত হলে বান্দরবান ও আশপাশের এলাকার প্রতিদিনের তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, বায়ুর চাপ, গতিবেগ ও আর্দ্রতা সম্পর্কে জানা যাবে। তবে দীর্ঘ সময় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় যন্ত্রপাতিগুলোতে ত্রুটি দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বান্দরবান আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, বান্দরবানে বর্তমানে বায়ুর গতি দিয়ে পরিচালিত একটি অটোমেটিক ওয়েদার স্টেশন (এডব্লিউএস) চালু আছে। এর মাধ্যমে আবহাওয়ার কিছু কিছু তথ্য সংগ্রহ করে ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠানো হচ্ছে।
মোহাম্মদ ইমরান আরও বলেন, যন্ত্রপাতিগুলো অন্য কোনো জায়গায় বসানো যায় কিনা সেটি জরিপ করে দেখা হচ্ছে। জায়গা পাওয়া গেলেই কেন্দ্রটি চালু করা যাবে।