ভবন ও স্থাপনা ভেঙে সরকারি রাস্তা উদ্ধার
মাদারীপুরের শিবচরে দ্বিতল ভবনসহ বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে সরকারি রাস্তা উদ্ধার করা হয়েছে। ভবন ও স্থাপনার মালিকদের বেশ কয়েকবার নোটিশ দেওয়ার পরেও তাঁরা সেগুলো সরিয়ে নেননি। এ কারণে জেলা প্রশাসন সেগুলো ভেঙে দিয়ে রাস্তাটি উদ্ধার করে।শিবচর উপজেলা ভূমি অফিস ও স্থানীয় বাসিন্দারা জানান, শিবচর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ৭২ নম্বর চরগুয়াতলা মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ২১৯১ নম্বর দাগে ডিসি রোডে একটি সরকারি কাঁচা রাস্তা আছে। এ রাস্তার ওপর আধা কিলোমিটার এলাকায় স্থানীয় আবদুল আজিজ শিকদার, মো. সামসুল হক বাবুর্চি পাকা ভবন এবং কামাল হোসেন, সিরাজ মুন্সী পাকা দেয়াল ও মাহবুব দড়িয়া টিনশেড ভবন নির্মাণ করেন। গত বুধবার বিকেলে মাদারীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম এহছানুল মামুনের নেতৃত্বে স্থানীয় প্রশাসন ওই অবৈধ স্থাপনা ভাঙার কাজ শুরু করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম এহছানুল মামুন বলেন, শিবচর পৌরসভার তিনজন নির্বাচিত কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কাজ শুরু করা হয়।