
লালমনিরহাটের আদিতমারী উপজেলা সদরের আদিতমারী কান্তেশ্বর বর্মণ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বেহাল। এ বিদ্যালয়ে যাওয়ার তেমন কোনো রাস্তা নেই। বাঁশঝাড়ের ভেতর দিয়ে সরু একটি রাস্তা দিয়ে যেতে হয় বিদ্যালয়ে। ওই রাস্তাও ময়লা-আবর্জনায় ভরা।
এ ছাড়া বিদ্যালয়ের ল্যাট্রিন ও টিউবওয়েলও বেহাল। এসব কারণে এ বিদ্যালয়ে দিনে দিনে শিক্ষার্থীর সংখ্যা কমছে। যেসব শিক্ষার্থী আছে, তারাও ঠিকমতো ক্লাসে আসে না। এরপরও বিদ্যালয়টির প্রতি কারও খেয়াল নেই। তবে বিদ্যালয়ের দ্বিতল ভবনটি এখনো বেশ ভালোই রয়েছে।
ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চম শ্রেণিতে ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র ১২। এর মধ্যে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আটজন শিক্ষার্থী অংশ নেবে। শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা গড়ে ছয়। গত সোমবার বিদ্যালয়ে উপস্থিত ছিল চারজন শিক্ষার্থী। চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা ২০। নিয়মিত ক্লাস করে ১২ থেকে ১৪ জন। এমন চিত্র প্রতিটি ক্লাসেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকসংখ্যা চার। আর ছাত্রছাত্রীর সংখ্যা ১১৬।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, ওই বিদ্যালয় থেকে ২০১৩ সালে পঞ্চম শ্রেণি থেকে ১৮ জন, ২০১৪ সালে ১৪ জন ও ২০১৫ সালে নয়জন ছাত্রছাত্রী পাস করেছে। গত তিন বছরে ছাত্রছাত্রী পাসের হার অর্ধেকে নেমে এসেছে।
গত মঙ্গলবার ওই সরু রাস্তার ময়লা-আবর্জনা মাড়িয়ে এই প্রতিবেদক যখন বিদ্যালয়ে পৌঁছালেন, তখন বেলা সাড়ে ১১টা পেরিয়ে গেছে। দ্বিতল ভবনের সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই শ্রেণিকক্ষের বাইরের বারান্দার কয়েকটি বেঞ্চের প্রতি চোখ পড়ল। সেখানে বেঞ্চে বসে আছে তিনজন ছাত্রী। প্রশ্ন করে জানা গেল, তারা সবাই পঞ্চম শ্রেণির। শুধু পঞ্চম শ্রেণি নয়, প্রতিটি শ্রেণিতেই শিক্ষার্থীর উপস্থিতি অনেক কম।
বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীদের পানীয় জলের জন্য একটি টিউবওয়েল থাকলেও সেটি দীর্ঘদিন ছিল ব্যবহারের অনুপযোগী। গত মঙ্গলবার দুপুরে ওই টিউবওয়েলটি মেরামত করতে দেখা যায় একজন টিউবওয়েল ম্যাকানিককে। এ ছাড়া টিউবওয়েল চত্বরের অদূরে একটি ল্যাট্রিন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এ সময় ওই ল্যাট্রিনের ব্যবহৃত রিং স্লাবের ওপরের অংশও দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রাম্য রাজনীতির শিকারে পরিণত হয়েছে বিদ্যালয়টি। এ কারণে সেখানে যাওয়ার রাস্তা নেই। স্থানীয় লোকজনও বিদ্যালয়টি নিয়ে মাথা ঘামাতে চান না। এ সুযোগ কাজে লাগিয়ে প্রধান শিক্ষক ঠিকমতো বিদ্যালয়ে যান না। গত মঙ্গলবার এই প্রতিবেদকও প্রধান শিক্ষককে বিদ্যালয়ে পাননি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোজাহার আলী বলেন, এ বেহাল বিদ্যালয়ের কথা উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি। তবে প্রধান শিক্ষক প্রতিভা রানী দেবী মুঠোফোনে বিদ্যালয়ের এ অবস্থার কথা স্বীকার করলেও তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে নিশ্চুপ থাকেন।
বিদ্যালয়ের সমস্যাগুলোর কথা স্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াছিন আলী বলেন, গত সোমবার তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। সমস্যাগুলো সমাধানে চেষ্টা করা হবে।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার বলেন, আগামী সপ্তাহে বিদ্যালয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।