ভবন ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ভবন হওয়ার কথা ‘নওদাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’। এ জন্য মাটি পরীক্ষা থেকে শুরু করে সব ধরনের যাচাইয়ের কাজ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। শেষে অর্থ বরাদ্দ চেয়ে আবেদনও করা হয়। কিন্তু বরাদ্দ এসেছে ‘নওদাগ্রাম পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়’র নামে। অথচ দ্বিতীয় প্রতিষ্ঠানটির নামে প্রস্তাব পাঠানো হয়নি এবং কোনো ধরনের যাচাইয়ের কাজও হয়নি। এভাবে একটি বিদ্যালয়ের জন্য প্রস্তাব করা একটি ভবন অপর একটি বিদ্যালয়ের নামে বরাদ্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলায়।নওদাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ করেছে, গ্রামের শেষে ‘পৌর’ বসিয়ে তাদের প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ দেওয়া নতুন ভবন ছিনিয়ে নেওয়া হয়েছে। নওদাগ্রাম পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ এ কাজ করেছে। এলজিইডি ওই বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য সম্প্রতি দরপত্রও আহ্বান করেছে।নওদাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল ইসলাম জানান, এখানে প্রায় ২০০ শিক্ষার্থী লেখাপড়া করে। চারটি শ্রেণীকক্ষের মধ্যে তিনটিই ব্যবহারের অনুপযোগী। এ কারণে তাঁরা একটা নতুন ভবনের জন্য শিক্ষা বিভাগের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে আবেদন করে আসছিলেন। সম্প্রতি গ্রামীণ সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডি মহেশপুর উপজেলার তিনটি বিদ্যালয়ে নতুন ভবন তৈরির উদ্যোগ নেয়।রেজাউল ইসলাম অভিযোগ করেন, এলজিইডি উপজেলার ভাটপাড়া, গৌরীনাথপুর ও নওদাগ্রামের তিনটি বিদ্যালয়কে নতুন ভবন নির্মাণের জন্য চিহ্নিত করে। পরে এলজিইডির কর্মকর্তারা ভবন নির্মাণের জন্য তিনটি বিদ্যালয়ের এলাকার মাটি পরীক্ষা করেন। এরপর যাচাই-বাচাই শেষে তাঁরা বিদ্যালয়ের নামে অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করেন। বিদ্যালয়ের কোড নম্বর দিয়ে এ আবেদন করা হয়। কিন্তু বরাদ্দপত্র আসে নওদাগ্রাম পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণের।এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খাতুন জানান, তিনি বিষয়টি শিক্ষা বিভাগের কর্মকর্তাদের জানিয়েছেন।নওদাগ্রাম পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আনজুমান বানু জানান, ভুলের কারণে নওদাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। পরে তদবির করে তা পরিবর্তন করা হয়েছে। তিনি আরও জানান, তাঁদের বিদ্যালয়েও শিক্ষার্থীর সংখ্যা অনুপাতে শ্রেণীকক্ষ কম। তাই তাঁদের বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা দরকার।উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফি উদ্দিন জানান, এলজিইডি তাঁদের সঙ্গে পরামর্শ করে নওদাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে চিহ্নিত করেছিল। কিন্তু এখন নওদাগ্রাম পৌর বিদ্যালয়ের নামে অর্থ বরাদ্দ আসায় তাঁদের কিছুই করার নেই। উপজেলা প্রকৌশলী জাকারিয়া হোসেন জানান, ভাটপাড়া, গৌরীনাথপুর ও নওদাগ্রাম বিদ্যালয়ের মাটি পরীক্ষা করে পাঠিয়েছেন। কিন্তু অর্থ বরাদ্দ এসেছে নওদাগ্রাম পৌর বিদ্যালয়ের নামে। এ কারণে তাঁরা ওই বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছেন।