ভবন, জনবল থাকলেও দুই বছরে চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের দুই বছর পার হয়েছে, রয়েছে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও জনবল। এরপরও এটি চালু হচ্ছে না। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বলছে, তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নীত করা নিয়ে জটিলতায় স্টেশনটি চালু হতে দেরি হচ্ছে।

নওগাঁ গণপূর্ত কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে মহাদেবপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বছরেই দরপত্র আহ্বান করে গণপূর্ত বিভাগ। ২০১৪ সালের মার্চ মাসে ১ কোটি ৭০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে স্টেশনের দোতলা ভবনটির নির্মাণকাজ শুরু হয়। নির্মাণকাজ শেষ হয় ২০১৫ সালের মে মাসে। ওই বছরের জুন মাসেই গণপূর্ত বিভাগ ভবনটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগকে বুঝিয়ে দেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপসহকারী পরিচালকের কার্যালয়ের দেওয়া তথ্যমতে, নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশনটিতে ইতিমধ্যে একটি অগ্নিনির্বাপণ গাড়িসহ অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশ দেওয়া হয়েছে। এ ছাড়া তৃতীয় শ্রেণির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন হিসেবে প্রয়োজনীয় জনবল ১ জন স্টেশন কর্মকর্তা, ১ জন দলনেতা, ১০ জন ফায়ারম্যান, ১ জন বাবুর্চি ও ১ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

গত শনিবার স্টেশনটিতে গিয়ে দেখা যায়, লাল ইটের চকচকে দ্বিতল ভবনটি দাঁড়িয়ে আছে। স্টেশনের উঠান পুরোটাই ফাঁকা। অগ্নিনির্বাপণের জন্য দেওয়া গাড়ি বা অন্যান্য যন্ত্রাংশও দেখা গেল না। জানা গেছে, সেখানে সাইদুর রহমান নামের এক লোক পরিবার নিয়ে বসবাস করছেন। আলাপকালে তিনি বলেন, এই স্টেশন এখনো চালু হয়নি। এখানকার জন্য বরাদ্দকৃত অগ্নিনির্বাপণ গাড়িসহ অন্য যন্ত্রাংশ বর্তমানে পত্নীতলা ফায়ার সার্ভিস স্টেশনে ব্যবহৃত হচ্ছে। এই স্টেশনের কর্মকর্তাসহ নিয়োগপ্রাপ্ত অন্য ব্যক্তিরা প্রেষণে জেলার বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত রয়েছেন।

নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপসহকারী পরিচালক এ কে এম মুর্শেদ বলেন, স্টেশনটি চালু করতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও যন্ত্রাংশ দেওয়া হয়েছে। কিন্তু বেশি সুযোগ-সুবিধা নিতে স্টেশনটি তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নীত করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা আবেদন জানিয়েছেন। এ অনুযায়ী বিষয়টি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা এলেই স্টেশনটি উদ্বোধন করা হবে। তবে কবে নাগাদ স্টেশনটি চালু করা যেতে পারে এ ব্যাপারে তিনি কোনো নিশ্চয়তা দিতে পারেননি।