ভবন জরাজীর্ণ, গণপূর্তের আগ্রহ বৈদ্যুতিক কাজে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা কারাগারের প্রবেশ পথেই প্রশাসনিক ভবন। প্রায় ১৫ বছর ধরে ভবনটি জরাজীর্ণ। পলেস্তারা, ইট খসে পড়ছে। ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করছেন এখানকার কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু এই ভবন মেরামতের প্রস্তাবে কোনো সাড়া দেয়নি গণপূর্ত অধিদপ্তর খুলনা বিভাগ-১। বরং তাদের আগ্রহ কারাগারের বিভিন্ন ভবনের বৈদ্যুতিক মেরামতে। এই কাজের জন্য ইতিমধ্যে ২৯ লাখ ৩০ হাজার ১৮৪ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদারের অভিযোগ, বৈদ্যুতিক মেরামতের মতো কাজে পুকুর চুরির সুযোগ থাকে। তাই কারা কর্তৃপক্ষ না চাইলেও কম গুরুত্বপূর্ণ ওই কাজটি বাস্তবায়নে গণপূর্ত বিভাগের কয়েকজন কর্মকর্তা মরিয়া হয়ে উঠেছেন।খোঁজ নিয়ে জানা যায়, গণপূর্ত অধিদপ্তর খুলনা বিভাগ-১-এর অধীন খুলনা জেলা কারাগারের বৈদ্যুতিক মেরামতের জন্য গত বছরের মাঝামাঝি ২৯ লাখ ৩০ হাজার ১৮৪ টাকার প্রকল্প গ্রহণ করা হয়। বিষয়টি জানতে পেরে কারাগারের তত্ত্বাবধায়ক মো. শাহ আলম গত বছরের ১২ নভেম্বর গণপূর্ত অধিদপ্তর খুলনা বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী আর এ এম আবু হান্নান বরাবর একটি পত্র দেন।পত্রে বলা হয়, ‘খুলনা জেলা কারাগারের বৈদ্যুতিক মেরামতের জন্য ২৯ লাখ ৩০ হাজার ১৮৪ টাকা বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু সিভিল বিভাগে অনেক জরুরি মেরামতকাজের প্রয়োজন রয়েছে; বিশেষ করে কারাগারের প্রশাসনিক ভবনটি সংস্কারের অভাবে ঝুঁকির মুখে; যা ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর পত্র মারফত জানানো হয়েছে। এ অবস্থায় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক কাজ আপাতত না করে ওই অর্থ দিয়ে প্রশাসনিক ভবনটি মেরামতের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।’কারা তত্ত্বাবধায়কের এই অনুরোধে সাড়া না দিয়ে স্বল্প প্রচারিত কয়েকটি দৈনিকে বিজ্ঞাপন দিয়ে দরপত্র আহ্বান করা হয় এবং গত বছরের ২৩ নভেম্বর দরপত্র গ্রহণ করা হয়। জমা পড়া দরপত্র থেকে বাছাই কমিটি চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ওই কাজের জন্য প্রাথমিকভাবে মনোনীত করে। এর মধ্যে শেখ মো. শহিদুর রহমান ২৯ লাখ ২৫ হাজার ৪১৬ টাকা, মেসার্স নিউ স্টাইল কনস্ট্রাকশন ২৯ লাখ ৪৬ হাজার ৮১৩ টাকা, রিনা ইলেকট্রিক ওয়ার্কস ২৯ লাখ ৬০ হাজার ৫৬৭ টাকা এবং মেসার্স সামিট কনস্ট্রাকশন ৩১ লাখ ৪৭ হাজার ৩৪০ টাকা বৈদ্যুতিক মেরামতের জন্য প্রস্তাব করে। বাছাই কমিটি শেখ মো. শহিদুর রহমান নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে মনোনীত করে।৭ ফেব্রুয়ারি গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী আর এ এম আবু হান্নান ঊর্ধ্বতন কর্মকর্তা অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফজলুল কাদেরের কাছে সুপারিশপত্র দেন। অনুমোদন পাওয়ার আগেই নির্বাহী প্রকৌশলী আবু হান্নান ১৯ জানুয়ারি শেখ শহীদুর রহমান নামের প্রতিষ্ঠানের সঙ্গে কাজের চুক্তিপত্র স্বাক্ষর করে কার্যাদেশ দেন। কিন্তু অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাধারণ ঠিকাদারদের মাধ্যমে নিশ্চিত হন, এই প্রকল্পের প্রধান শর্ত অনুযায়ী, একক কার্যাদেশে ১৫ লাখ টাকার কাজ করার পূর্ব অভিজ্ঞতা মনোনীত ঠিকাদারি প্রতিষ্ঠানের নেই। তাই অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজের অনুমোদন না দিয়ে ১৪ ফেব্রুয়ারি তা ফেরত পাঠান। এ পর্যায়ে নিজেকে রক্ষা করতে নির্বাহী প্রকৌশলী আবু হান্নান একই দিন (১৪ ফেব্রুয়ারি) কার্যাদেশ বাতিল করেন। এরপর নির্বাহী প্রকৌশলী বাছাই করা অপর তিন ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্য থেকে মেসার্স নিউ স্টাইল কনস্ট্রাকশনকে চূড়ান্তভাবে মনোনীত করেন এবং ২৪ ফেব্রুয়ারি আবার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কাছে পত্র পাঠান।কারাগারের তত্ত্বাবধায়ক মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, প্রশাসনিক ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। বিকল্প না থাকায় বাধ্য হয়ে ঝুঁকির মধ্যেই কাজ চালাতে হচ্ছে।অভিযোগের ব্যাপারে গণপূর্ত অধিদপ্তর খুলনা বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী আর এ এম আবু হান্নান সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘গণপূর্ত অধিদপ্তরের নতুন নিয়মানুযায়ী দুই লাখের বেশি টাকার বৈদ্যুতিক কাজের অনুমোদন দেবেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী। এ ব্যাপারে আমার জানা ছিল না। এ কারণে কারাগারের বৈদ্যুতিক মেরামতকাজের দরপত্র প্রক্রিয়া নিয়ে জটিলতা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।’ এর মধ্যে পুকুর চুরির কোনো মতলব নেই দাবি করে তিনি বলেন, কারাগারের সাবেক তত্ত্ব্বাবধায়কের চাহিদাপত্র অনুযায়ী বৈদ্যুতিক মেরামতের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। তবে কারাগারের প্রশাসনিক ভবনসহ অপর ছয়টি ভবন জরাজীর্ণ এবং সংস্কারকাজ জরুরি বলে স্বীকার করেন তিনি। তিনি জানান, ভবনগুলো সংস্কারের জন্য ১৯ ও ৬৪ লাখ টাকা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে; কিন্তু তা এখনো অনুমোদিত হয়নি।খুলনা গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সোহরাব হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দরপত্রের শর্ত অনুযায়ী কাজ করার পূর্ব অভিজ্ঞতাহীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে মনোনীত করা এবং এই মনোনয়ন অনুমোদনের আগে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে লিখিত চুক্তি করে কার্যাদেশ দেওয়া ঠিক হয়নি। তিনি বলেন, কারাগারের বৈদ্যুতিক মেরামত জরুরি হওয়ায় এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু কারা কর্তৃপক্ষের জরাজীর্ণ ভবন সংস্কার জরুরি দাবি করার ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে ফোন রেখে দেন।