ভবন জরাজীর্ণ, ঝুঁকি নিয়ে বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের ধাপ এলাকায় ডাকঘরের কর্মচারীদের আবাসিক ভবনের এমনই জীর্ণ দশা l ছবি: প্রথম আলো
রংপুর নগরের ধাপ এলাকায় ডাকঘরের কর্মচারীদের আবাসিক ভবনের এমনই জীর্ণ দশা l ছবি: প্রথম আলো

রংপুর প্রধান ডাকঘরের কর্মচারীদের পাঁচটি আবাসিক ভবনের জরাজীর্ণ অবস্থা। এ অবস্থায় সেখানে ঝুঁকি নিয়ে বসবাস করছে ১৬টি পরিবার।
ডাকঘর সূত্র জানায়, নগরের ধাপে অবস্থিত রংপুর প্রধান ডাকঘরের কর্মচারীদের বসবাসের জন্য ১৯৮৯ সালে পাঁচটি ভবন নির্মাণ করা হয়। এর মধ্যে দুটি চারতলা ভবন, একটি তিনতলা, একটি দোতলা ও একটি একতলা ভবন। ভবনগুলোতে ১৬ জন কর্মচারী পরিবার নিয়ে বসবাস করছেন।
সরেজমিনে দেখা যায়, প্রতিটি ভবনেরই জরাজীর্ণ অবস্থা। ছাদে পানি জমে তা চুইয়ে ঘরের ভেতরে পড়ছে। ভবনের ভেতরে ও বাইরে একাধিক স্থানে পলেস্তারা খসে পড়েছে। বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। দেয়ালের গায়ে পরগাছা জন্মেছে। অনেক জানালা ভাঙা। ভবনের দরজার অবস্থা খারাপ।
ভবনে বসবাসকারী কর্মচারীরা জানান, বৃষ্টিতে ঘরগুলো স্যঁাতসেঁতে হয়ে যায়। সিঁড়ি বেয়ে হাঁটাচলা করতে কষ্ট হয়। যেকোনো সময় পিছলে পড়ার ভয় থাকে। অবিলম্বে এসব ভবন সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।
চারতলা ভবনের বাসিন্দা চতুর্থ শ্রেণির কর্মচারী রফিকুল ইসলাম বলেন, ‘যা বেতন পাই, তা দিয়ে বাইরে বাড়িভাড়া করে থাকার সামর্থ্য নেই। তাই বাধ্য হয়ে এখানে বসবাস করছি।’ একই ভবনের বাসিন্দা নূর-উন-নবী বলেন, ‘আমার জানামতে ভবনটি নির্মাণের পর কোনো সংস্কার করা হয়নি।’
তিনতলা ভবনে বসবাসকারী কর্মচারী শাহ ইদ্রিস আলী বলেন, ‘ভবনের এই অবস্থা দেখে আত্মীয়স্বজন ভয়ে আমার বাসায় আসতে চায় না।’
ভবনের দুই বাসিন্দা সুজাতা হোসেন ও নূরজাহান বেগম বলেন, জরাজীর্ণ ভবনে তাঁদের প্রতিমুহূর্ত আতঙ্কের মধ্যে বসবাস করতে হচ্ছে।
এ ব্যাপারে রংপুর অঞ্চলের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল এ কে আজাদ আল শামস প্রথম আলোকে বলেন, ‘ভবনগুলো সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। এ নিয়ে ওপর মহলে আবেদনও করা হয়েছে। আশা করি, খুব শিগগির সংস্কার করা সম্ভব হবে।’