ভবন জরাজীর্ণ, পাঠদান বারান্দায়
কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলছে বারান্দায়। দীর্ঘদিন সংস্কার না করায় বিদ্যালয়ের ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে এভাবে ২৭ মাসের বেশি সময় ধরে পাঠদান করা হচ্ছে।
বিদ্যালয় সূত্র জানায়, মাধাইয়া বাজারের পাশে ১৯৩৯ সালে স্থাপিত বিদ্যালয়টির একটি আধা পাকা ভবনে ছাত্রছাত্রীদের পাঠদান করা হতো। ১৯৯৭ সালে তিন কক্ষবিশিষ্ট এবং ২০০৬ সালে দুই কক্ষবিশিষ্ট দুটি ভবন নির্মাণ করা হয়। ইতিমধ্যে মরিচা পড়ে আধা পাকা ভবনটির টিনের চালে অনেক ছিদ্র হয়ে গেছে এবং দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। এ জন্য ২০১৩ সালের মে মাসের ৯ তারিখে সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইকজম উল্লাহ চৌধুরী লিখিতভাবে পাঠদান বন্ধ রাখার জন্য বলেন। কিন্তু নতুন ভবন নির্মিত না হওয়ায় শিক্ষকেরা বাধ্য হয়ে পরিত্যক্ত ভবনের বারান্দায় পাঠদান করছেন। বর্তমানে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এ বিদ্যালয়ে শিক্ষার্থী ৮৬০ জন। শিক্ষক আছেন ১৪ জন।
সরেজমিনে দেখা যায়, পুরোনো ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পাশেই চার কক্ষবিশিষ্ট দুটি ভবনের একটিতে শিশু শ্রেণির ও পঞ্চম শ্রেণির, অন্যটিতে দ্বিতীয় পালার দ্বিতীয় শ্রেণির পাঠদান চলছে। আর বারান্দায় প্রথম পালার প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে পড়াচ্ছেন পাঁচজন শিক্ষক। এদের কেউ বেঞ্চে এবং কেউ দাঁড়িয়ে পাঠ নিচ্ছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী পংকু রানি দাস, স্বর্ণালী আক্তার ও মেহেদি হাসান জানায়, স্কুলে এসে সারাক্ষণ ভয়ে থাকি, কখন জানি পুরোনো ভবনটি ভেঙে বারান্দায় পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, পুরোনো ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর অন্য চার কক্ষের ভবনে সব শিক্ষার্থীর পাঠদান করা সম্ভব হচ্ছে না। তাই শিশুরা বারান্দায় বসে কষ্টে পড়ালেখা করছে। বৃষ্টি এলেই পাঠদান বন্ধ রাখতে হয়। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও নতুন ভবনের ব্যবস্থা হচ্ছে না। আর কক্ষসংকটের কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যাও দিনে দিনে কমে যাচ্ছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদ আহমেদ সরকার বলেন, ‘বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা কর্মকর্তা বরাবর অনেক আগেই লিখিত আবেদন করেছি, কিন্তু সাড়া পাচ্ছি না।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে।