ভবন জরাজীর্ণ, বারান্দা ও গাছতলায় পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনা উপজেলার হোমনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি জরাজীর্ণ হওয়ায় ভবনের বাইরে চলে পাঠদান। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো
কুমিল্লার হোমনা উপজেলার হোমনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি জরাজীর্ণ হওয়ায় ভবনের বাইরে চলে পাঠদান। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো

কুমিল্লার হোমনা উপজেলা সদরের হোমনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই মাস ধরে বারান্দায় ও গাছতলায় পাঠদান চলছে। এতে একদিকে পাঠদান ব্যাহত হচ্ছে অন্যদিকে শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে। বিদ্যালয়টির ভবন জরাজীর্ণ হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৩-৯৪ অর্থবছরে উপজেলা সদরে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। সে সময় ওই স্থানে চার কক্ষের একটি একতলা ভবনও নির্মিত হয়। ভবনের একটি কক্ষে কার্যালয় এবং তিনটি কক্ষে পাঠদান চলত। কিন্তু বিদ্যালয়ের ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষার্থীদের বিকল্প ব্যবস্থায় পাঠদান করতে হচ্ছে। বিদ্যালয়ে বর্তমানে ২০৬ জন শিক্ষার্থী এবং পাঁচজন শিক্ষক রয়েছেন।
গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা গাছতলায় এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয় ভবনের বারান্দায় পরীক্ষা দিচ্ছে। ভবনের একটি কক্ষে ঝুঁকি নিয়ে শিক্ষকেরা দাপ্তরিক কার্যক্রম চালাচ্ছেন। ওই কক্ষের বিম থেকে পলেস্তারা খসে গিয়ে রডে মরচে ধরেছে।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলে, ‘শ্রেণিকক্ষের ভেতরে ক্লাস করার সময় ভয়ে ভয়ে থাকতাম কখন যে বিল্ডিং ভাইঙ্গা মাথায় পড়ে। এখন বাইরে রোদের মধ্যে ক্লাস করতে হয়। বৃষ্টি হইলে স্যারেরা আমাগোরে ছুটি দিয়া দেয়।’ প্রধান শিক্ষক হালিমা আক্তার বলেন, ‘চার বছর আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিদ্যালয় ভবন নির্মাণ করতে প্রথম আবেদন করি। তারপর আরও কতবার যে আবেদন করেছি তা জানা নাই। নতুন ভবন চাইতে চাইতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মোতাহার হোসেন বলেন, ‘বিদ্যালয়ের একমাত্র ভবনটিকে জরাজীর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। কোনো কক্ষেই পাঠদান করার মতো কোনো অবস্থা নেই। আমরা ৩০ এপ্রিল যে ১০টি বিদ্যালয়ের নতুন ভবন চেয়ে প্রস্তাব পাঠিয়েছি তার মধ্যে দুটি বিদ্যালয়ের ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এতে হোমনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। ওই বিদ্যালয়ের গুরুত্ব বিবেচনা করে শিগগিরই আরও একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আল আমিন বলেন, ‘ওই বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়ার বিষয়টি আমরা বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’