ভবন জরাজীর্ণ, শামিয়ানার নিচে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কুমিরমারা বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ। এ কারণে আড়াই শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে শামিয়ানার নিচে। ৪ মার্চ থেকে বিদ্যালয় প্রাঙ্গণে শামিয়ানা টানিয়ে পাঠদান করা হচ্ছে।

৬ মার্চ সকালে সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। খাম্বা ও দেয়ালে ফাটল ধরেছে। ওই ভবনের সামনে খোলা জায়গায় শামিয়ানা টানিয়ে শিশুদের পাঠদান করা হচ্ছে। শামিয়ানার ফাঁক গলে রোদ শিক্ষার্থীদের গায়ে পড়ছে।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র তরিকুল ইসলাম বলে, রোদের তাপ আর ধুলার মধ্যে ক্লাস করতে কষ্ট হচ্ছে। বাতাসে ধুলা উড়ে এসে চোখেমুখে চলে যায়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমেনা খাতুন বলেন, ‘পাঁচ বছর আগে বিদ্যালয়ের ভবনটি পাঠদানের অনুপযোগী ঘোষণা করা হয়। পরিত্যক্ত ঘোষণার পরও শিক্ষার্থীদের চার বছর ওই ভবনে পাঠদান করা হয়। এরপর ভবনটি জরাজীর্ণ হয়ে পড়লে এক বছর আগে পার্শ্ববর্তী আবু জাফর মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালানো হয়। কক্ষটিওই বিদ্যালয়ের দরকার হয়েপড়লে আমরা ৪ মার্চ থেকে কুমিরমারা বিদ্যালয় প্রাঙ্গণেশামিয়ানা টানিয়ে পাঠদান শুরু করি। আপাতত শামিয়ানার নিচে পাঠদান চালিয়ে যাচ্ছি। তবে বর্ষাকালের আগে বিকল্প ঘর না করতে পারলে পাঠদান বন্ধ রাখা ছাড়া উপায় থাকবে না।’

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে কুমিরমারা বন্দর প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৪ সালে চার কক্ষের একতলা একটি ভবননির্মাণ করা হয়। গত ২৩ বছরে ভবনটি সংস্কার করা হয়নি। ভবনটি জরাজীর্ণ হয়ে পড়লে ২০১২ সালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি পরিত্যক্ত ঘোষণা করে। বর্তমানে বিদ্যালয়ে ৪ জন শিক্ষক ও ২৫৬ জন শিক্ষার্থী রয়েছে।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. কামরুজ্জামান মাতুব্বর বলেন, পাঁচ বছর ধরে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলছে। চার বছর বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান করা হয়। এরপর এক বছর পার্শ্ববর্তী আবু জাফর মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে শিক্ষার্থীদের পাঠদান চলে। ওই বিদ্যালয়ের প্রয়োজনে তাদের কক্ষটি ছেড়ে দিয়ে ৪ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে শামিয়ানার নিচে কোমলমতি শিশুদের পাঠদান করতে হচ্ছে। নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার ধরনা দিয়েও কোনো ফল পাওয়া যাচ্ছে না।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, পরিত্যক্ত ভবনটির স্থানে নতুন ভবন নির্মাণের জন্য বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানালেও কোনো সাড়া মেলেনি। পাঠদানের জন্য অস্থায়ী ভিত্তিতে একটি ঘর নির্মাণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উন্নয়ন শাখায় জরুরি ভিত্তিতে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে ঘর করে দেওয়া হবে।