ভবন ঝুঁকিপূর্ণ, পাঠদান চলছে খোলা মাঠে
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ উচ্চবিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত বছর পৌর কর্তৃপক্ষ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও স্থান সংকটের কারণে মাঝেমধ্যে ক্লাস নেওয়া হতো। কিন্তু সাভারে ভবন ধসের পর শিক্ষার্থীরা ক্লাস করতে না চাইলে ভবনের সামনের খোলা মাঠে ক্লাস নেওয়া হচ্ছে। বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ের দোতলা ভবনটি দীর্ঘদিন সংস্কার না করায় জরাজীর্ণ হয়ে পড়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, দেখা দিয়েছে ফাটল। এ অবস্থায় গত বছর পৌর কর্তৃপক্ষ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত দুই পালায় ৯৮০ জন শিক্ষার্থী রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনে রয়েছে ১০টি কক্ষ। এর মধ্যে একটি কক্ষে প্রধান শিক্ষক, আরেকটি কক্ষে অন্য শিক্ষকেরা বসলেও আটটি কক্ষে কোনো ক্লাস নেওয়া হচ্ছে না। বিদ্যালয়ের অন্য একটি নির্মাণাধীন দোতলা ভবনে মাত্র চারটি কক্ষে ক্লাস নেওয়া হচ্ছে। গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, খোলা আকাশের নিচে মাঠের মধ্যে ষষ্ঠ, সপ্তম ও দশম শ্রেণীর দ্বিতীয় পালার ক্লাস নেওয়া হচ্ছে। এ সময় শিক্ষার্থীরা জানায়, ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ক্লাস করতে ভয় করে। শিক্ষক শাহানা বেগম বলেন, সাভারে ভবন ধসের পর এখন আতঙ্ক দেখা দিয়েছে। বিকল্প না থাকায় বাধ্য হয়ে খোলা মাঠেই নিতে হচ্ছে ক্লাস। রোদ কিংবা আকাশে মেঘ থাকলেও ক্লাস নিতে অসুবিধা হয় না। কিন্তু বৃষ্টি হলে ছুটি দিতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহারুল ইসলাম জানান, বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে নতুন একটি ভবন নির্মাণ করা হচ্ছে। হারাগাছ পৌরসভার মেয়র সাদাকত হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস না নেওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নতুন ভবন নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।