ভবন ঝুঁকিপূর্ণ, কমছে শিক্ষার্থী
দীর্ঘদিন সংস্কার না করায় খাগড়াছড়ির দীঘিনালার কড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে বিদ্যালয়টিতে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে।
সরেজমিন ৭ সেপ্টেম্বর কড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে চারজন শিক্ষক আছেন। শিক্ষার্থী এসেছে মাত্র ছয়জন। বিদ্যালয়ের একটি কক্ষে ছয়জন শিক্ষার্থীকে পাঠদান করছেন সহকারী শিক্ষিকা জয়া চাকমা।
জয়া চাকমা বলেন, পাঠদান করার সময় বিদ্যালয়ের ছাদ থেকে হঠাৎ হঠাৎ পলেস্তারা খসে পড়ে। আর সেই ভয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে চায় না।
জয়া চাকমা যে কক্ষে পাঠদান করছেন সে কক্ষের ছাদে ফাটল দেখা দিয়েছে। একটি বিমে গর্তের সৃষ্টি হয়েছে। ছাদের রডগুলো বেরিয়ে এসেছে। দরজা-জানালা ভাঙাচোরা। বৃষ্টি হলে কোনো কক্ষেই বসা যায় না। শিক্ষকদের কক্ষটিতে বৃষ্টির পানিতে কাগজপত্র ভিজে যায়।
ওই বিদ্যালয়ের শিক্ষার্থী জোনাল চাকমা বলে, ‘ক্লাস চলার সময় প্রায়ই পলেস্তারা খসে পড়তে থাকে। এ জন্য বিদ্যালয়ে আসতে ভয় লাগে।’
প্রধান শিক্ষক উদয়ন চাকমা বলেন, ১৯৯৪ সালে বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১৯৯৮-১৯৯৯ অর্থবছরে ৬ লাখ ৪ হাজার ৭৫৭ টাকা ব্যয়ে বিদ্যালয় ভবনটি পুনর্নির্মাণ করে। এখন বিদ্যালয়ের তিনটি কক্ষের মধ্যে দুটিতে পাঠদান করা হচ্ছে। একটি ছোট কক্ষে শিক্ষকেরা গাদাগাদি করে বসেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ শিক্ষকের সংখ্যা চারজন। আর শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৫২ জন। ২০১২ সালে শিক্ষার্থীর সংখ্যা ছিল শতাধিক। ২০১৩ সালে ছিল ৬৬ জন। আর এখন শিক্ষার্থী আছে মাত্র ৫২ জন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝরনা চাকমা বলেন, ‘বিদ্যালয় ভবনটি পুনর্নির্মাণ প্রয়োজন। আমি বিদ্যালয়টির অবস্থা তুলে ধরে এক মাস আগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছি।’
উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, তিনি কড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন। শুধু শিশুরা নয়, বিদ্যালয়টিতে প্রবেশ করতে যে কারও ভয় পাওয়ার কথা। এ বিষয়ে শিক্ষা কর্মকর্তার সঙ্গে তিনি কথা বলেছেন বলে জানান।
এলজিইডির উপজেলা প্রকৌশলী ওসমান গনি বলেন, ‘সরেজমিনে না দেখে কিছু বলতে পারছি না। বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দেওয়া হবে।’