ভবন ঝুঁকিপূর্ণ, খোলা জায়গায় পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের কচুয়া আয়মা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত হওয়ায় খোলা আকাশের নিচে পাঠদান করা হয় l ছবি: প্রথম আলো
চাঁদপুরের কচুয়া আয়মা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত হওয়ায় খোলা আকাশের নিচে পাঠদান করা হয় l ছবি: প্রথম আলো

বিদ্যালয়ের ভবনের দেয়াল, ছাদ ও পিলার থেকে পলেস্তারা খসে পড়ছে। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়ে রড বের হয়ে আছে। বৃষ্টি হলে ভবনের ভেতরে পানি জমে। এ কারণে দুই বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু আজও নতুন ভবন নির্মাণ করা হয়নি। এ অবস্থায় কখনো খোলা আকাশের নিচে, কখনো ঝুঁকিপূর্ণ ভবনের বারান্দায় পাঠদান করা হচ্ছে।
এই শোচনীয় অবস্থা চাঁদপুরের কচুয়া উপজেলার ১৩৮ নম্বর আয়মা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের। বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীর সংখ্যাও কমে যাচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে বিদ্যালয়টিতে দুই শতাধিক শিক্ষার্থী ছিল। বর্তমানে কমে তার অর্ধেকে নেমে এসেছে। আবার যারা আছে, তাদের মধ্যে অধিকাংশ দুর্ঘটনার আশঙ্কায় বিদ্যালয়ে ঠিকমতো আসে না।
প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম জানান, বিদ্যালয়টি একটি দ্বীপের মতো জায়গায় নির্মাণ করা হয়েছে। চারদিকে খোলা থাকায় ও নিচু এলাকা হওয়ায় বছরের অধিকাংশ সময় বিদ্যায়েল মাঠে পানি জমে থাকে। বিদ্যালয়ে যাতায়াত করার ভালো কোনো রাস্তা নেই। এমনকি বিদ্যালয়ে বিদ্যুৎও নেই। বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যথাযথভাবে পাঠদান করা যাচ্ছে না।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে কচুয়ার ৮ নম্বর কাদলা ইউনিয়নে ওই এলাকার শিক্ষানুরাগী ও ব্যবসায়ী সুবল চন্দ্র দাস তাঁর প্রায় ৪১ শতাংশ জমিতে বিদ্যালয়টি স্থাপন করেন। ২০১৩ সালে এটি সরকারি করা হয়। বিদ্যালয়ে বর্তমানে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১০০ জন শিক্ষার্থী আছে। শিক্ষক আছেন পাঁচজন। পরিত্যক্ত ভবনের একটি কক্ষ কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বংক বিহারী সাহা বলেন, প্রশাসন থেকে অনেক আগেই বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে। নতুন ভবন নির্মাণে অর্থ বরাদ্দ দেওয়ার জন্য বারবার তদবির করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না।
প্রধান শিক্ষক জহিরুল ইসলাম বলেন, দুই বছর আগে কচুয়া উপজেলা প্রকৌশলী ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসে বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে সেখানে আর পাঠদান না করার নির্দেশ দিয়ে যান।
কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভূইয়া বলেন, এর আগে পরিত্যক্ত ঘোষণার বিষয়টি ছিল মৌখিক। যার কারণে বিদ্যালয়ের ভবনটি এখনো এ অবস্থায় রয়েছে। তবে এখন এটি উপজেলা প্রশাসনের মাধ্যমে লিখিতভাবে পরিত্যক্ত ঘোষণা করা হবে। এরপর নতুন ভবন নির্মাণের প্রস্তাব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে।