ভবন ঝুঁকিপূর্ণ, গাছতলায় পাঠদান
রংপুরের তারাগঞ্জ উপজেলার জমেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই শিক্ষার্থীদের গাছতলায় পাঠদান করা হচ্ছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল ইসলাম বলেন, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তা ওই ভবনে ছাত্রছাত্রীদের পাঠদান না করার জন্য বলেছেন। তাই তাদের মাঠে কিংবা গাছতলায় পাঠদান করা হচ্ছে।’
বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) একটি পাকা ভবন নির্মাণ করে। ওই ভবনে তিনটি কক্ষ আছে। কিন্তু নিম্নমানের কাজ হওয়ায় শুরু থেকে বৃষ্টি হলেই ভবনের ছাদ চুইয়ে পানি পড়ছে। ২০১৩ সালের মে মাসে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে একজন শিক্ষার্থী আহত হয়। এরপর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভবনটিতে পাঠদান না করার জন্য শিক্ষকদের পরামর্শ দেন।
পঞ্চম শ্রেণির ছাত্র হাবিবুর রহমান বলে, ‘শীতের এই সময় মাঠে ক্লাস করতে কষ্ট হয়। বর্ষার সময় আকাশে মেঘ দেখলে স্যাররা বলেন, “যাও তোমাদের ছুটি।”’
প্রধান শিক্ষক কায়ছার উদ্দিন বলেন, ‘প্রতি মাসেই একটি করে চিঠি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখে যাচ্ছি। অথচ এ বিদ্যালয়ের জন্য কোনো বরাদ্দ আসছে না। শ্রেণিকক্ষসহ প্রয়োজনীয় আসবাবের অভাবে লেখাপড়া ব্যাহত হচ্ছে। দিন দিন বিদ্যালয়টিতে শিক্ষার্থীর উপস্থিতি কমে যাচ্ছে। ২১১ জন শিক্ষার্থীর মধ্যে এখন ১২০-১৩০ জন শিক্ষার্থী স্কুলে আসে।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল হামিদ বলেন, ‘ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় গাছতলায় বিদ্যালয়টির কার্যক্রম চলছে। বিষয়টি স্থানীয় সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে। বিভিন্ন পত্রিকায় খবরও ছাপা হয়েছে কিন্তু ফল হয়নি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম বলেন, ‘ওই বিদ্যালয়ের সমস্যাটি সাত মাস আগে উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।’
উপজেলা প্রকৌশলী আহম্মেদ হায়দার জামান বলেন, ‘এ ব্যাপারে আরও খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’