ভবন ঝুঁকিপূর্ণ, গাছতলায় পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগড়ার ধোপাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান চলছে খোলা আকাশে ও গাছতলার নিচে।  ছবি: প্রথম আলো
লোহাগড়ার ধোপাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান চলছে খোলা আকাশে ও গাছতলার নিচে। ছবি: প্রথম আলো

ধোপাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি নড়াইলের লোহাগড়া পৌর এলাকার চোরখালী গ্রামে অবস্থিত। এ বিদ্যালয়ের একমাত্র ভবনটি ঝুঁকিপূর্ণ। এটি পরিত্যক্ত ঘোষণার পর গত এপ্রিলের শুরু থেকে গাছতলায় চলছে পাঠদান। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৩২ সালে ২৬ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এলাকাবাসী। ১৯৯৬ সালে সরকারি বরাদ্দে বিদ্যালয়ে চার কক্ষবিশিষ্ট একতলা ভবন তৈরি হয়। এ ভবনেই চলত পাঠদান ও অফিসের কার্যক্রম। বর্তমানে চোরখালী ও গোফাডাঙ্গা গ্রামের ছেলেমেয়েরা এ বিদ্যালয়ে পড়াশোনা করে। বর্তমানে শিক্ষার্থীসংখ্যা ১৪১। এর মধ্যে ছাত্র ৭৪ ও ছাত্রী ৬৭ জন। 

কয়েকজন শিক্ষক বলেন, ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ছিল উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা। ওই সভায় এ বিদ্যালয় ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তখন থেকে ওই ভবনে ক্লাস নিতে নিষেধ করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। সেই থেকে ভবন ছেড়ে দিয়ে গাছতলায় চলছে পাঠদান। তিন বছর আগে গ্রামবাসীর উদ্যোগে করা হয়েছিল একটি টিনশেড ছোট ঘর। সেখানে হয় পঞ্চম শ্রেণির ক্লাস। ওই ঝুঁকিপূর্ণ ভবনের একটি কক্ষ একটু ভালো মনে হয়। সেখানে নেওয়া হয় প্রাক্‌-প্রাথমিক (শিশু) শ্রেণির ক্লাস। অন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস নেওয়া হয় গাছতলায়। ওই ঝুঁকিপূর্ণ ভবনেই এখানো চলে অফিসের কার্যক্রম। 

গতকাল সোমবার সরেজমিন দেখা যায়, বিদ্যালয় চত্বরে বড় একটি রেইনট্রিগাছ। সে গাছের নিচে হচ্ছে ক্লাস। একই জায়াগায় গাদাগাদি করে চারটি শ্রেণির শিক্ষার্থীরা বেঞ্চে বসেছে। নিচে নরম মাটি। স্যাঁতসেঁতে পরিবেশ। খোলা জায়গায়, তাই বেঞ্চ ধুলাবালুতে ঠাসা। মাঝেমধ্যে গাছের পাতা ও ছোট ডাল পড়ছে শিক্ষার্থীদের গায়ে। শিক্ষার্থীদের গায়ে লাগছে রোদ। বিদ্যালয়ে খাওয়ার পানির ব্যবস্থা নেই। শৌচাগার দুটি ব্যবহার অনুপযোগী। আর ওই ঝুঁকিপূর্ণ ভবনের ছাদে ও বিমে ফাটল ধরেছে। খসে পড়েছে পলেস্তারা। বারান্দার খুঁটিগুলোর ইট-খোয়া খসে পড়েছে। যেকোনো সময়ে ভেঙে পড়তে পারে। 

এ বিষয়ে কথা হয়, বিদ্যালয়ের শিক্ষক নার্গিস পারভীন ও তন্দ্রা দেবী রায়ের সঙ্গে। তাঁরা বলেন, বৃষ্টি হলে শিক্ষার্থীরা দৌড়ে ওই ঝুঁকিপূর্ণ ভবনের বারান্দায় গাদাগাদি করে আশ্রয় নেয়। কালো মেঘ দেখলেই ঝড়ের ভয়ে ছুটি দেওয়া হয়। সকাল থেকে বৃষ্টি শুরু হলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে না। এ অবস্থায় খোলা জায়গায় এ পরিবেশে উপকরণ ব্যবহার করা যায় না। খোলা জায়গায় বসে টিফিন খেতে হয়। পরীক্ষার সময় হঠাৎ ঝড়-বৃষ্টি হলে পরীক্ষাও নিতে সমস্যা হয়। বাইরে গরম, এতে মাঝেমধ্যে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। ফলে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে। মনোযোগও নষ্ট হয়। এ অবস্থায় শিক্ষার প্রতি কোমলমতি শিশুদের নেতিবাচক ধারণাও জন্ম নিচ্ছে। 

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জান্নাতি, তানজিলা, নুসরাত, লায়লা, ফারজানা ও রহিমা এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আমেনা, হাসি নন্দী, খুশি নন্দী, প্রিয়ম আচার্য, অর্ঘ দত্ত ও নয়ন কীর্তনীয়ার সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তারা বলে, ‘সব সময় ভয়ে ভয়ে থাকি কখন ডাল ভেঙে মাথায় পড়ে আর ঝড় ও বজ্রপাত হয়, এ নিয়ে।’ 

এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক নাছরীন আক্তার বলেন, ‘বিভিন্নভাবে চেষ্টা তদবির করছি ভবনের জন্য। কিন্তু আশার নাগাল এখানো পাইনি।’ 

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আকবর হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।