ভবন ঝুঁকিপূর্ণ, পাঠদান মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুঁকিপূর্ণ হওয়ায় বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয় ২০১৩ সালে। এরপরও গত বছরের আগস্ট পর্যন্ত সেখানে পাঠদান করা হয়। পাঁচ মাস ধরে পরিত্যক্ত ভবনের সামনের মাঠে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
গত সোমবার এমন চিত্রটি চোখে পড়ে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ওয়াসেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরিত্যক্ত ভবনের সামনের গাছতলায় মাঠের মধ্যে পাঠদান চলতে দেখা যায় চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের দুটি ভবন। একটি নির্মাণ করা হয়েছে ২০০৬ সালে। অন্যটি তারও অনেক আগের। নির্মাণের সময়কাল বলতে পারেননি কেউ। ওই পুরোনো ভবনের তিনটি শ্রেণিকক্ষেই তালা দেওয়া। ভাঙা জানালায় উঁকি দিয়ে দেখা যায়, প্রতিটি শ্রেণিকক্ষেরই ছাদের পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে গেছে। কক্ষের দেয়াল ও পিলারগুলোতে ফাটল দেখা দিয়েছে।
আরেকটি ভবন, যেটি ২০০৬ সালে নির্মিত সেটির অবস্থাও খুব বেশি ভালো নয়। ভবনটির মেঝেতে ছোট-বড় অনেক ফাটল ধরেছে। দুই কক্ষের ওই ভবনের একটিতে শিক্ষকেরা বসেন। অন্যটিতে প্রাক্-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির পাঠদান চলে। শিক্ষকেরা বলেন, বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ৩৮৮ জন। এর মধ্যে প্রায় অর্ধেক শিক্ষার্থীকে মাঠে পাঠদান করতে হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা বেগম বলেন, তিনি গত এপ্রিল মাস থেকে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতি ত্রৈমাসিক প্রতিবেদনে তাঁরা বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে প্রতিবেদন দিয়ে আসছেন। কিন্তু এখনো নতুন ভবন নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি আরও বলেন, গত আগস্ট মাসে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে তাঁকে ডেকে নিয়ে পরিত্যক্ত ভবনে শ্রেণিকার্য না চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়। সেই থেকে বিদ্যালয়ের মাঠে চলছে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান। এতে অনেক সমস্যা হচ্ছে। মাঠে ব্ল্যাকবোর্ড নেওয়ার কোনো ব্যবস্থা না থাকায় কোনো কিছু লেখার দরকার হলেও তা সম্ভব হয় না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী আনোয়ার হোসেন বলেন, তিনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইতিমধ্যে দুবার ওই বিদ্যালয়টি পরিদর্শনে গিয়েছেন এবং আপৎকালীন ব্যবস্থা হিসেবে টিন ও কাঠ দিয়ে মাঠের সীমানাপ্রাচীরের সঙ্গে অস্থায়ী শ্রেণিকক্ষ তৈরির উদ্যোগ নেওয়া হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের কারণে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের পাঠদানের বিষয়টি সম্পর্কে তিনি অবহিত।