ভবন ঝুঁকিপূর্ণ, বটতলায় পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় তিন বছর ধরে বটতলায় পড়ানো হচ্ছে নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় তিন বছর ধরে বটতলায় পড়ানো হচ্ছে নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

মাথার ওপর অল্পস্বল্প গাছের ছায়া। মেঝেতে কোথাও চটের বস্তা, আবার কোথাও প্লাস্টিকের বস্তা বিছানো। তার ওপর বসে পড়াশোনা করছে শিক্ষার্থীরা। বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় তিন বছর ধরে নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বটতলায় পড়ানো (ক্লাস) হচ্ছে।
গত সোমবার সরেজমিন দেখা গেছে, চিত্রা নদীসংলগ্ন রতডাঙ্গা বাজারের পাশে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ের সামনে মন্দিরসংলগ্ন বটতলায় শিক্ষার্থীরা চটের বস্তা, প্লাস্টিকের বস্তা এবং মাদুর বিছিয়ে ক্লাস করছে। পাশে একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে অন্য শ্রেণির শিক্ষার্থীরা। বাতাস না থাকায় রোদের তাপে অনেক শিক্ষার্থী ঘেমে একাকার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কুমার কুন্ডু জানান, বিদ্যালয়টি ১৯২৮ সালে ৩৩ শতক জমির ওপর প্রতিষ্ঠিত হয়। এখানে একটি পুরোনো ভবন ছিল। সেই ভবনের ওপর ২০০৭-০৮ অর্থবছরে দ্বিতল ভবন করা হয়। পরে ভবনের বিভিন্ন স্থানে ফাটলসহ পলেস্তারা খসে পড়ে। ২০১৩ সালের শেষের দিকে জেলা শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী পরিদর্শন শেষে বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন। সম্প্রতি কয়েক দফা ভূমিকম্পের কারণে আরও বেশি ফাটল দেখা দিয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রবিউল আলম বলেন, শিক্ষার্থীদের বসার জায়গা না থাকায় এবং দুর্ঘটনার আশঙ্কায় অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা ছেড়ে দিয়েছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী চন্দ্রা পাল বলে, ‘রোদ-বৃষ্টির মধ্যে ক্লাস করতে পারি না। শীতের সময় ঠান্ডায় সবার কষ্ট হয়। বাজারের কোলাহলও আমাদের পড়াশোনা বিঘ্নিত করে।’
এক শিক্ষার্থীর অভিভাবক হোসেন আরা বলেন, ‘আমাদের ছলমায়েরা বছরের পর বছর ধরে রোদে পুড়ে বিষ্টিতে ভিজে শীতির মদ্দি বটতলায় ক্লাস কত্তিছে। মেলা দিন হয়ে গেল এহেনে কোনো নতুন ঘর বানাচ্ছে না। বটগাছের ডাল ভাঙে যদি মাথায় পড়ে তালিতো (তা হলে) সে মরে যাবে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী জানান, জেলায় এ ধরনের ৫০টি ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন রয়েছে। পাঠদান অব্যাহত রাখতে আপাতত আধা পাকা ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। অর্থ পাওয়া গেলে নির্মাণকাজ শুরু করা যাবে।