
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ১২টি বিদ্যালয়ের ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই এসব বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান চলে বারান্দায় বা খোলা মাঠে। এতে শিক্ষার্থী ও শিক্ষকেরা দুর্ভোগ পোহাচ্ছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করলেও কোনো কাজ হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সংস্কার না করায় এবং অন্যান্য কারণে তারালিয়া সাদ্রা, প্যারাপুর, মৈশাইদ, হোটনী, পশ্চিম মুকন্দসার, দিগচাইল, হাজি ইসমাইল, নোয়াপাড়া, বলাখাল, সেন্দ্রা ও নাটেহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী কাউছার হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর প্রকৃত অবস্থা জানিয়ে জরুরি ভিত্তিতে ভবন নির্মাণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একাধিকবার তালিকা পাঠানো হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এই ১২টি বিদ্যালয়ে প্রায় চার হাজার শিক্ষার্থী আছে। বিদ্যালয়গুলোর জরাজীর্ণ ভবনে পাঠদান কার্যক্রম চালাতে প্রায়ই শিক্ষক ও শিক্ষার্থীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে পরীক্ষার সময় শিক্ষার্থীদের বেশি ভোগান্তি পোহাতে হয়।
প্যারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন বলেন, তাঁর বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৭০। তিন কক্ষের ভবনটির দুটি শ্রেণিকক্ষ ও একটি কার্যালয় হিসেবে ব্যবহার করি। প্রতিনিয়ত ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে ছাত্রছাত্রীদের মাথার ওপর পড়ে। উপজেলা প্রকৌশল কার্যালয় থেকে ২০১৩ সালে বিদ্যালয়টি পরিদর্শন করে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তারপর থেকে বারান্দায় ও খোলা মাঠে পাঠদান চালাচ্ছি।
পশ্চিম মুকন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজেরা খানম বলেন, বিদ্যালয়ের চারটি কক্ষের মধ্যে তিনটি কক্ষে পাঠদান কার্যক্রম চলে। বৃষ্টির সময় ছাদ চুইয়ে পানি পড়ে শ্রেণিকক্ষে জমে থাকে। তখন শিক্ষার্থীদের ছাতা মাথায় দিয়ে ক্লাস করতে হয়। তিনি আরও বলেন, বিদ্যালয় ভবনের পিলারগুলো দেবে গেছে। তিন বছর ধরে বারান্দায় ও খোলা মাঠে ক্লাস নিতে হচ্ছে। ২০১২ সাল থেকে এ পর্যন্ত নতুন ভবন নির্মাণের জন্য তিনবার আবেদন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম মিজানুর রহমান বলেন, ওই ১২টি বিদ্যালয়ের জরুরি ভিত্তিতে ভবন নির্মাণের জন্য একাধিকবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তথ্য পাঠানো হয়েছে।