ভবন ঝুঁকিপূর্ণ, মাঠেই পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের মনিরামপুর উপজেলার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ। তাই পড়ানো হচ্ছে মাঠে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
যশোরের মনিরামপুর উপজেলার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ। তাই পড়ানো হচ্ছে মাঠে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

১৩ বছর ধরে বিদ্যালয়টিতে পাসের হার শতভাগ। অথচ শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনা করার ব্যবস্থা নেই। কারণ বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে দুই বছর আগে। এ অবস্থায় শিক্ষার্থীদের পাঠদান চলছে কখনো ঝুঁকিপূর্ণ ভবনে, কখনো মাঠে।
এ চিত্র যশোরের মনিরামপুর উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বর্তমানে বিদ্যালয়টিতে ২০০ জন ছাত্রছাত্রী রয়েছে। ২৫ মার্চ সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে চলছে তৃতীয় শ্রেণির পাঠদান। চতুর্থ ও পঞ্চমের শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে পরিত্যক্ত ভবনের দুটি শ্রেণিকক্ষে। এ দুটি কক্ষের ছাদে ফাটল ধরেছে। কোথাও রড বের হয়ে গেছে। খসে পড়ছে দেয়ালের পলেস্তারা। দেয়ালেও বড় ফাটল দেখা দিয়েছে।
চতুর্থ শ্রেণির ছাত্রী ঋতু খাতুন বলে, ‘শ্রেণিকক্ষে যতক্ষণ থাকি, ভয়ে ভয়ে থাকি। ছাদ ভেঙে পড়ার ভয়ে অনেক সময় লেখাপড়ায় মন বসাতে পারি না। খালি ওপরের দিকে তাকাই।’ মাঠে পাঠদানে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। তৃতীয় শ্রেণির মো. রানা বলে, ‘শ্রেণিকক্ষে পড়ার মতো অবস্থা নেই। তাই আমরা মাঠে পড়ি। ধুলা-বালু আর বৃষ্টিতে খুব ঝামেলা হয়।’
শিক্ষক মোজাফফার হোসেন বলেন, ১৯৬৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪-১৯৯৫ অর্থবছরে চার কক্ষের বিদ্যালয় ভবনটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এর তিনটি শ্রেণিকক্ষ এবং একটি কার্যালয়। কয়েক বছর পর থেকে ভবনটির পলেস্তারা খসে পড়তে শুরু করে। ফাটল দেখা দেয় দেয়ালে। দুই বছর আগে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি তিনটি শ্রেণিকক্ষ পরিত্যক্ত ঘোষণা করে। এরপর শিক্ষা কর্মকর্তারা এসে ওই শ্রেণিকক্ষে পাঠদান করতে নিষেধ করেন। কিন্তু কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে কক্ষগুলোতে পড়াতে হচ্ছে। তবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বেশির ভাগ সময় মাঠেই পড়ানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুননেসা বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গত ১৩ বছর বিদ্যালয়টির পাসের হার শতভাগ। পাঠদানের সম্পূর্ণ অনুপযোগী কক্ষে ঝুঁকি নিয়ে এবং বিদ্যালয়ের মাঠে পাঠদান করতে
হচ্ছে। এসব কারণে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। একটি ভবনের জন্য পাঁচ বছর ধরে কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।
মনিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বার সরদার বলেন, বিদ্যালয়টির অবস্থা খুবই খারাপ। বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে। আপাতত বিকল্প কিছু করা যায় কি না, সেটা ভেবে দেখা হচ্ছে। তা ছাড়া বিদ্যালয় ভবন নির্মাণের জন্য ব্যবস্থা করা হবে।