ভবন টেকসই কি না নজর দেবে প্রাইমার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসে পোশাকশ্রমিকের ব্যাপক প্রাণহানিতে ক্ষোভ ও গভীর শোক প্রকাশ করেছে শ্রম অধিকারের জন্য আন্দোলনরত কয়েকটি বৈশ্বিক সংগঠন।এ ছাড়া যেসব পোশাক কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব কারখানায় পোশাক তৈরির কার্যাদেশ দিয়েছিল, এ রকম দুটি ব্রিটিশ কোম্পানির পক্ষ থেকেও শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। একটি কোম্পানি বলেছে, ভবিষ্যতে কারখানার ভবন টেকসই কি না, সে বিষয়েও তারা নজর দেবে।শ্রম অধিকার নিয়ে বিশ্বব্যাপী প্রচারাভিযান পরিচালনা ও ক্রেতা কোম্পানিগুলোকে নৈতিক মান অনুসরণে রাজি করানোর লক্ষ্যে তৎপর সংগঠন ক্লিন ক্লথ ক্যাম্পেইন, লেবার বিহাইন্ড দ্য লেবেল এবং ওয়ার অন ওয়ান্ট বলেছে, পাশ্চাত্যের ক্রেতাদের জন্য ঝুঁকিপূর্ণ কারখানায় ও পরিবেশে পোশাকশ্রমিকদের এভাবে মৃত্যু ঘটতে দেওয়ায় সরকারগুলোর নিষ্ক্রিয়তা অবিশ্বাস্য ও দুর্ভাগ্যজনক।ক্লিন ক্লথ ক্যাম্পেইনের মুখপাত্র টেসেল পাওলি এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ না করানোর বিষয়ে একটি বাধ্যতামূলক চুক্তিতে সম্মত হতে বৈশ্বিক ব্র্যান্ডগুলো যে অস্বীকৃতি জানাচ্ছে, তাতে বিস্ময় প্রকাশ করেছেন।টেসেল পাওলি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জরুরি ভিত্তিতে ত্রাণ ও দীর্ঘমেয়াদি ক্ষতিপূরণ দিতে ব্র্যান্ডগুলোকে দায়িত্ব নিতে হবে। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে বাংলাদেশ থেকে পোশাক আমদানিকারকদের প্রতি প্রস্তাবিত বাংলাদেশ ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি এগ্রিমেন্ট স্বাক্ষরের জন্য দাবি জানানো হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর তত্ত্বাবধানে এই চুক্তির খসড়া প্রণীত হয়েছে।লেবার বিহাইন্ড দ্য লেবেলের মুখপাত্র স্যাম মাহের বলেন, একটির পর একটি মর্মান্তিক দুর্ঘটনা প্রমাণ করছে, কোম্পানিগুলোর পরিচালনাধীন তদারকি ব্যবস্থা শ্রমিকদের জীবনরক্ষায় ব্যর্থ হচ্ছে। ২০০৫ সালে স্পেকট্রা গার্মেন্টসের ঘটনায় ৬৪ জনের মৃত্যুর পর যেসব সংস্কারের অঙ্গীকার করা হয়েছিল, সেগুলো বাস্তবায়িত হয়নি।এদিকে ব্রিটেনের দুটি বড় ব্র্যান্ডের স্বত্বাধিকারী কোম্পানি প্রাইমার্ক ও ম্যাটালান নিশ্চিত করেছে, দুর্ঘটনাকবলিত ভবনটিতে অবস্থিত পোশাক কারখানাগুলোর মধ্যে তাদের পোশাক সরবরাহকারীরা রয়েছে। প্রাইমার্কের পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় তারা দুঃখিত ও মর্মাহত। কোম্পানির তরফে দাবি করা হয়, কারখানার মান উন্নয়নে তারা বহু দিন ধরেই বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করে আসছে। প্রাইমার্কের বিবৃতিতে আরও বলা হয়, এখন তারা কারখানার ভবন টেকসই কি না, সে বিষয়েও নিশ্চিত হতে নজর দেবে।