ভবন তদারকে গঠিত হলো না কেন্দ্রীয় কর্তৃপক্ষ
কারখানাসহ অন্যান্য ভবনের নির্মাণকাজ তদারকি ও নিরাপত্তার বিষয় দেখার জন্য দেশে বিধিবদ্ধ কোনো কর্তৃপক্ষ নেই। স্পেকট্রাম গার্মেন্টস কারখানার নয়তলা ভবন ধসের পর এ ব্যাপারে একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ গঠনের জন্য নয় বছর আগে উচ্চ আদালত নির্দেশ দিয়েছিলেন। সেটা আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
শুধু তা-ই নয়, দেশে জাতীয় বিল্ডিং কোড প্রয়োগের জন্যও বিধিবদ্ধ কোনো কর্তৃপক্ষ নেই। এই কর্তৃপক্ষ গঠনের জন্যও আট বছর আগে উচ্চ আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। তা-ও মানা হয়নি। কর্তৃপক্ষ গঠন না করাটা আদালত অবমাননার শামিল বিবেচনা করে রানা প্লাজা ধসের পর পাঁচজন সচিবকে হাইকোর্টে তলব করা হয়েছিল। তার পরও কর্তৃপক্ষ গঠন করা হয়নি।
রানা প্লাজা ধসের পর সাভারে স্থানীয় পৌরসভার ক্ষমতা খর্ব করা হয়। নকশা যাচাই ও ভবন তদারকির জন্য সেখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আঞ্চলিক কার্যালয় করার বিষয়ও চূড়ান্ত হয়। কিন্তু তা-ও হয়নি। এ জন্য সেখানে পুরোনো ঝুঁকিপূর্ণ ভবন পর্যালোচনা করা বা নতুন করে অবৈধ ভবন তৈরি হচ্ছে কি না, তা-ও নিয়মিত দেখা হচ্ছে না। রাজউক বলছে, জায়গা খোঁজা হচ্ছে, পাওয়া যাচ্ছে না।
রাজধানী ও চারপাশের এক হাজার ২৮ বর্গকিলোমিটার এলাকায় গার্মেন্টস কারখানাসহ যেকোনো ভবনের নকশার অনুমোদন দেওয়ার দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। কিন্তু নির্মাণ তদারকির জন্য বিধিবদ্ধ কর্তৃপক্ষ না হওয়ায়, রাজউক এ কাজের দায়-দায়িত্ব এড়িয়ে যায়। অবশ্য রাজউকের কর্মকর্তাদের দাবি, যথাযথভাবে নকশা অনুসরণ কিংবা বিল্ডিং কোড মানা হচ্ছে কি না, তা তদারক করার জন্য তাঁদের কাছে এখনো পর্যাপ্ত লোকবল নাই।
১৯৯৩ সালে প্রণয়নের পর ২০০৬ সালের ১৭ নভেম্বর জাতীয় বিল্ডিং কোড অনুমোদিত হলেও এটা প্রয়োগ বা কার্যকর করার জন্য এখনো কোনো কর্তৃপক্ষ গঠন করা হয়নি।
গত বছরের মাঝামাঝি রাজউকের নতুন জনবল কাঠামো হয় এক হাজার ৯৮০ জনের। এর আগে এক হাজার ৮৭ জন কর্মকর্তা-কর্মচারীর তালিকা থাকলেও ছিল আট শর কিছু বেশি। নতুন কাঠামো হওয়ার প্রায় আট মাসে জনবলের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক হাজার। নতুন যাঁরা যোগ হয়েছেন, তাঁদের বেশির ভাগই প্রেষণে আসা। অনুমোদিত কর্মকর্তা থাকার কথা ২৪ জন, আছেন মাত্র আটজন। ম্যাজিস্ট্রেটের পদ রাখা হয়েছে ১২টি, আছেন দুজন। পরিদর্শক, সহকারী পরিদর্শক থাকার কথা আড়াই শ, রয়েছেন ৪০ জন।
রাজউকের সদস্য শেখ আবদুল মান্নান বলেন, জনবলকাঠামো আগে হলেও নিয়োগবিধি হতে দেরি হয়েছে। তার পরও আটটি আঞ্চলিক কার্যালয়ের জন্য আটজন পরিচালক নিয়োগ করা হয়েছে। যদিও সবগুলোর স্থানীয় কার্যালয় করা যায়নি জায়গার অভাবে।