ভবন থেকে ইট পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে মুক্তা আক্তার (৮) নামের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উত্তরার ১৪ নম্বর সেক্টর এলাকায় এ ঘটনা ঘটে।উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি জানান, নিহত মুক্তার মা হামিদা বেগম ১৪ সেক্টরের ১৫ নম্বর সড়কে নির্মাণাধীন একটি ছয়তলা ভবনের শ্রমিকদের জন্য রান্নার কাজ করেন। ঘটনার সময় তিনি ভবনের নিচে মুক্তাকে পাশে রেখে রান্না করছিলেন। হঠাৎ ওপর থেকে একটি ইট মুক্তার মাথায় পড়লে ঘটনাস্থলেই সে মারা যায়। ওসি আরও জানান, ইটটি কীভাবে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সূত্র জানায়, মুক্তাদের গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আবাজি গ্রামে। সে বাবা-মায়ের সঙ্গে ১৪ নম্বর সেক্টরেই থাকত। দুই বোনের মধ্যে মুক্তা ছিল ছোট।