ভবন থেকে ইট পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলায় মাথায় ইট পড়ে আহত হয়ে গতকাল রাতে ইমন হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির পরিবারের লোকজন জানিয়েছে, আশপাশের কোনো উঁচু ভবন থেকে ইটটি পড়েছে অথবা ছুড়ে মারা হয়েছে।ইমনের মামা মো. আজাদ বলেন, বেলা তিনটার দিকে ইমন বাড়ির বাইরে খেলছিল। হঠাৎই তার মাথায় ইট পড়লে সে চিৎকার শুরু করে। আশপাশের লোকজন এসে দেখে, সে মাথায় হাত দিয়ে চিৎকার করছে আর মাথা থেকে রক্ত বের হচ্ছে। আজাদের ধারণা, আশপাশের কোনো ভবন থেকে ইটটি পড়েছে। এরপর ইমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।স্বজনেরা জানান, ইমন স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। তার বাবা আনোয়ার হোসেন গাড়ির চাকার ব্যবসা করেন।এ বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, পাশের একটি আবাসিক ভবন থেকে ইটটি পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আশপাশে নির্মাণাধীন কোনো ভবন নেই।