ভবন থেকে খসে পড়া ইটে প্রাণ গেল বৃদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেটে গতকাল মঙ্গলবার নির্মাণাধীন ভবন থেকে খসে পড়া ইটের আঘাতে প্রাণ গেল এক বৃদ্ধার। আরেকটি ইটের আঘাতে গুরুতর আহত রিকশাচালক মোস্তাকিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সন্ধ্যায় পুলিশ জানায়, নিহত বৃদ্ধা কড়াইল বস্তিতে থাকতেন বলে জানা গেছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি। মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় রাস্তা ঘেঁষে ১৬৫ টিঅ্যান্ডটি স্কুল গেট হোল্ডিংয়ে ওই ভবন নির্মাণ করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দুইটার দিকে একটি রিকশা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে কয়েকটি ইট খসে পড়ে। পাঁচতলায় তখন দেয়াল গাঁথার কাজ চলছিল। খসে পড়া একটি ইটে ওই রিকশার চালক মোস্তাকিম মাথায় ও ঘাড়ে আঘাত পান। তবে রিকশাযাত্রী অক্ষত রয়েছেন। আরেকটি ইট সরাসরি পড়ে পথচারী এক বৃদ্ধার মাথায়। এতে তাঁর মাথা থেঁতলে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ওয়্যারলেস গেট এলাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা করে বৃদ্ধার কোনো হৃদ্স্পন্দন পাননি। এরপর তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন। রিকশাচালককে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় লোকজন জানান, নির্মাণশ্রমিকেরা পুলিশ যাওয়ার আগেই পালিয়ে যান।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুঁইয়া মাহাবুব হাসান বলেন, নিহত বৃদ্ধা কড়াইল বস্তিতে থাকতেন বলে জানা গেছে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। ওই ভবনের কাউকে সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।