ভবন থেকে পড়ে ছাত্রের মৃত্যু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভবন থেকে পড়ে মো. আরিফুল ইসলাম (২১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। এর আগে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে গুরুতর আহত হন আরিফুল।আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি নোয়াখালী সদর উপজেলায়।আরিফুলের সহপাঠীরা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে আরিফুল হলের দ্বিতীয় তলার উত্তর ভবন থেকে দক্ষিণ ভবনে যাওয়ার করিডরে মুঠোফোনে কথা বলছিলেন।এ সময় তিনি পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। বৃষ্টির পানিতে করিডর পিচ্ছিল ছিল এবং এর দুই পাশে রেলিং না থাকায় এ দুর্ঘটনা ঘটে।হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ আবুল মনসুর প্রথম আলোকে জানান, হলের দ্বিতীয় তলা থেকে পড়ে আরিফুল মাথায় ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পান। দ্রুত তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদদৌল্লাহ বলেন, নিহত শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর সড়কের মাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আহমেদ ফজলে মাওলাসহ দুজন নিহত হন।