ভবন থেকে পড়ে বিআরইবির প্রকৌশলীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) ভবন থেকে পড়ে মারা গেছেন প্রতিষ্ঠানটির রংপুর বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম আবু আবদুল্লাহ (৫৪)। তবে তিনি আত্মহত্যা করেছেন, না দুর্ঘটনা—এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাঁর স্বজন ও সহকর্মীদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 
খিলক্ষেত থানার পুলিশ জানায়, খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা হাসপাতাল থেকে আবু আবদুল্লাহর লাশ উদ্ধার করা হয়। লাশের বাঁ হাত ও নাকে ছিলা জখম, দুই হাত ও পায়ের হাড়গুলো ভাঙা, পিঠে থেঁতালনো এবং কোমরের নিচে রক্তাক্ত জখম ছিল। হাসপাতালে আবু আবদুল্লাহর স্বজনেরা ছাড়াও সহকর্মীরাও ছিলেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গতকাল সকালে খিলক্ষেতের নিকুঞ্জে বিআরইবির কার্যালয় ভবনে যান আবু আবদুল্লাহ। বেলা একটার দিকে ওপর থেকে কিছু একটা পড়ার শব্দ শুনতে পান ভবনের বাসিন্দারা। কয়েকজন দেখেন, গাড়ি পার্ক করার জায়গায় নিচে অচেতন পড়ে আছেন আবু আবদুল্লাহ। কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিকুঞ্জে বিআরইবির পাশাপাশি দুটি ভবন রয়েছে। একটি দশতলা ও অপরটি নয়তলা। খিলক্ষেত থানার ওসি বলেন, লাশ দেখে মনে হচ্ছে, তিনি দশতলা থেকে পড়েননি। জানা গেছে, এক কর্মকর্তার কক্ষে যাওয়ার জন্য তিনি চতুর্থ তলায় উঠেছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি সেখান থেকে পড়ে গেছেন। তবে এটা কি আত্মহত্যা, না অন্য কিছু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়নাতদন্তের জন্য আবু আবদুল্লাহর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যায় পুলিশ। মর্গে আসা স্বজনেরা ঘটনার ব্যাপারে বেশি কিছু বলতে রাজি হননি। শুধু আবু আবদুল্লাহর ছেলে হাসান মাহমুদ বলেন, মোহাম্মদপুরে থাকতেন তাঁর বাবা। তাঁর যক্ষ্মারোগ ছিল। শারীরিকভাবে অসুস্থ ও দুর্বল ছিলেন তিনি। দীর্ঘদিন ছুটি নিয়ে ঢাকায় থাকছিলেন। চলতি মাসেই ছুটির মেয়াদ শেষ হবে। এ ব্যাপারে খোঁজখবর নিতে তিনি নিকুঞ্জে বিআরইবির কার্যালয়ে গিয়েছিলেন। ঘটনার ব্যাপারে কোনো অভিযোগও নেই বলে জানান তিনি।
বিআরইবি সূত্র জানায়, এক বছর চার মাস ধরে রংপুর বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কাজ করছিলেন আবু আবদুল্লাহ। চিকিৎসার কারণে তিনি এ সময়ের মধ্যে বেশ কয়েকবার লম্বা ছুটি নিয়েছিলেন। সর্বশেষ ছুটি ছিল ১৮ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
বিআরইবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, আবু আবদুল্লাহ কার্যালয়ে গিয়ে অনেকের সঙ্গে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলেছেন। চা খেয়েছেন। কিন্তু কীভাবে এ ঘটনা ঘটল, তিনি বুঝতে পারছেন না।