ভবন থেকে পড়া ইটের আঘাতে মারা গেল কোলের শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণাধীন ভবন থেকে খসে পড়া ইটের আঘাতে মারা গেল দেড় বছরের এক শিশু। গত মঙ্গলবার দুপুরে রাজধানীর আজমপুরের (দক্ষিণখান থানাধীন) জামতলায় ইট পড়ে মাথা থেঁতলে যায় শিশুটির। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।নিহত আকবর ইবনে রিজভির বাবা এরশাদ সারোয়ার রাসেল। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরে। গত ২ জুন স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে ঢাকার জামতলায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।এরশাদ সারোয়ার প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার দুপুরে ছেলের জন্য কেনাকাটা করতে বের হয়েছিলেন তিনি ও তাঁর ভগ্নীপতি। বিপণি বিতান থেকে কাছেই এরশাদের বোনের বাড়ি। কেনাকাটা শেষে তাই ছেলেকে কোলে নিয়ে হেঁটেই ফিরছিলেন। হঠাৎই স্থানীয় মতিন মিয়ার নির্মাণাধীন একটি ছয়তলা ভবনের পাঁচতলা থেকে ইটের একটি টুকরো খসে পড়ে কোলের শিশুটির মাথায়। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১১টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।এরশাদ অভিযোগ করেন, ছয়তলা নির্মাণাধীন ভবনটিতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এ ধরনের কাজের সময় চারদিকে টিনের মাচা বা শক্ত চট-জাল ঘেরাও দিয়ে পথচারী ও নির্মাণকাজে নিযুক্ত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হয়।অবহেলায় প্রাণহানির অভিযোগে ভবনমালিক ও তত্ত্বাবধায়কের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হাকিম বলেছেন, এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।এরশাদ তৈরি পোশাক কারখানায় কাজ করেন। তাঁর স্ত্রী আফরোজা আক্তার রুবি গৃহিণী। ২ জুন তাঁরা সপরিবারে বেড়াতে আসেন ঢাকায়। মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যার ট্রেনে তাঁদের চট্টগ্রামে ফেরার কথা ছিল। টিকিটও কাটা ছিল।গতকাল ময়নাতদন্ত শেষে শিশুটির লাশ নিয়ে গ্রামের বাড়ি গেছেন স্বজনেরা।