ভবন থেকে পড়ে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বংশাল, মিরপুর ও কামরাঙ্গীরচরে গতকাল সোমবার ভবন থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন রহিমা খাতুন (৬০), আল আমিন (১৫) ও মনির হোসেন (৪০)।
পুলিশ জানিয়েছে, বংশালের নবাবপুরে গতকাল সকাল আটটার দিকে নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলা থেকে নামার সময় সিঁড়ি থেকে নিচতলায় পড়ে যান রহিমা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বেলা পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) কাজী সাজ্জাদ হোসেন বলেন, ভবনটি নির্মাণাধীন ও সিঁড়িতে রেলিং নেই। তৃতীয় তলার একটি কক্ষে একাই ভাড়া থাকতেন রহিমা। বিভিন্ন মেসে রান্নার কাজ করতেন তিনি। সকালে বাসা থেকে নিচে নামতে গিয়ে তিনি পড়ে যান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
এদিকে গতকাল মিরপুর-১ নম্বরের টোলারবাগ এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলা থেকে পড়ে যায় আল আমিন। পুলিশ জানিয়েছে, আল আমিন পেশায় গ্রিলমিস্ত্রি। তৃতীয় তলার একটি জানালায় গ্রিল লাগানোর সময় গ্রিলসহ সে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সহকর্মী পারভেজ তাকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া দুপুরে কামরাঙ্গীরচরের আলী নগরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান মনির হোসেন। গুরুতর আহত অবস্থায় সহকর্মী মো. রমজান তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বেলা তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মনির হোসেন পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।