ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ে সাততলা ভবন থেকে পড়ে গতকাল রোববার রিয়াজ উদ্দিন নামের আট বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া শনিবার রাতে রাজধানীর উত্তরায় ময়মনসিংহ মহাসড়ক থেকে হযরত আলী (৫৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে কোনো অজ্ঞাত যানের চাপায় তিনি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে খিলগাঁওয়ের মেরাদিয়া ভুঁইয়াপাড়া এলাকায় সাততলা ভবন থেকে পড়ে মারা যায় শিশু রিয়াজ। ওই ভবনেই মা দীপালি আক্তারের সঙ্গে থাকত সে। তার বাবা মালয়েশিয়াপ্রবাসী মো. সালামত। খিলগাঁওয়ের একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত রিয়াজ।

রিয়াজের নানা সুরুজ্জামান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে উঁচু থেকে মাটিতে একটা কিছু পড়ার শব্দ শুনে তিনি ও আশপাশের লোকজন ভবনটির সামনে ছুটে যান। তাঁরা দেখেন, সামনের ফাঁকা রাস্তায় রিয়াজ পড়ে আছে। দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে বনশ্রী এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রিয়াজ মারা যায়। তার লাশ হাসপাতালের জরুরি বিভাগের লাশঘরে রয়েছে।

এ ঘটনায় খিলগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সড়ক দুর্ঘটনা: উত্তরা থানা-পুলিশ জানায়, গত শনিবার রাত ১১টার দিকে উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে থেকে হযরত আলীর লাশ উদ্ধার করা হয়। তিনি কোনো গাড়ির চাপায় নিহত হয়েছেন বলে পুলিশের ধারণা। হযরতের গ্রামের বাড়ি টাঙ্গাইলে।