রাজধানীতে তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণশ্রমিক ও সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। এ ছাড়া বিষপানে মারা গেছেন এক গৃহবধূ। পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে নিউমার্কেট কাঁচাবাজারের পেছনে বহুতল নির্মাণাধীন ভবনের আটতলায় বাঁশ ও কাঠ সরাচ্ছিলেন নির্মাণশ্রমিক রমেশ কুণ্ডু (১৯)। এ সময় তিনি পা ফসকে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপার আচাইপুরে। তাঁর বাবার নাম বন কুণ্ডু। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে বেপরোয়া গতির একটি ট্রাক পেছন থেকে একটি কাভার্ড ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যান কাত হয়ে পড়ে গেলে চালক ইমরান হোসেন (২১) ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ইমরান গাজীপুরের জয়দেবপুরে কুনিয়াপচরের চৌধুরী প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানার কাভার্ড ভ্যান চালক ছিলেন। তাঁর গ্রামের নরসিংদীর রায়পুরের লক্ষ্মীপুরে।গত বৃহস্পতিবার দুপুরে উত্তরখান থানার কাচপুরার বাসিন্দা রতন মিয়ার ভাড়া বাসায় তাঁর স্ত্রী তাহেরা খাতুন (২০) বিষপান করেন। অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হাসপাতালে তাহের পালিত বাবা আবুল মিয়া জানান, চার মাস বয়সে তাহেরাকে তিনি লালনপালনের জন্য আনেন। এক বছর আগে কাচপুরার রতনের সঙ্গে প্রেম করে তাঁর বিয়ে হয়। রতন বেকার ছিল। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি লেগে থাকত। এরই একপর্যায়ে তাহেরা বিষপান করেন।