ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সায়েদাবাদের স্বামীবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মনির হোসেন (২২)। তাঁর বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। নিহত মনিরের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মনিরের সহকর্মী আল-আমিন প্রথম আলোকে বলেন, মনির সায়েদাবাদের স্বামীবাগে মিতালি সরকারি প্রাথমিক স্কুলের পাশে একটি নির্মাণাধীন ভবনের ছয়তলায় কাজ করতেন। বুধবার দুপুরে খাবার খাওয়ার জন্য নামার সময় ছয়তলার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে পড়ে যান তিনি। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা তিনটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।