ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, দুই নারীর লাশ উদ্ধার
রাজধানীতে পৃথক ঘটনায় গতকাল বুধবার তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন নারী। তাঁদের পরিচয় সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি।
এই তিনজনের মধ্যে গতকাল সকাল নয়টার দিকে হাতির ঝিল ক্ষতিগ্রস্ত প্রজেক্টের পাশে একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. রায়হান (২৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হোসেন বলেন, নির্মাণাধীন ওই ১৫তলা ভবনের ১১ তলায় গ্রিল ওঠানোর সময় পা ফসকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান রায়হান।
দুপুরে রেলওয়ে পুলিশ (জিআরপি) ট্রেনে কাটা পড়া অজ্ঞাত পরিচয় এক নারীর (৪৫) লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। জিআরপির উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, গেণ্ডারিয়া সেতুসংলগ্ন রেললাইন থেকে ছিন্নভিন্ন অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
দুপুরে পূর্ব নন্দীপাড়ার একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় (৪০) এক নারীর লাশ উদ্ধার করে খিলগাঁও থানার পুলিশ। খিলগাঁও থানার এসআই ফখরুল ইসলাম জানান, নন্দীপাড়ার ৮ নম্বর সড়কের পাশের একটি ডোবায় বোরকা ও প্রিন্টের সালোয়ার-কামিজ পরা ওই নারীর লাশ ভাসছিল। পুলিশের ধারণা, পানিতে ডুবে ওই নারীর মৃত্যু হয়েছে।