রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন থেকে মুছে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সুপার শাহ আব্দুল মজিদের নাম। এ ঘটনায় শহীদ পুলিশ সুপারের পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ করা হয়েছে।
শহীদ আব্দুল মজিদের পরিবার সূত্রে জানা গেছে, ১৯৭০ সালের সেপ্টেম্বরে তিনি রাজশাহীর পুলিশ সুপারের দায়িত্ব নিয়েছিলেন। ২৯ মার্চ পাকিস্তানি বাহিনী পুলিশ লাইনস নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে তিনি তা প্রতিহতের চেষ্টা করেন। এতে পাকিস্তান বাহিনী তাঁর ওপর রুষ্ট হয়। ৩১ মার্চ রাজশাহী জেলা প্রশাসনের বাংলো থেকে পুলিশ সুপার আব্দুল মজিদকে তারা ধরে নিয়ে যায়।
দেশ স্বাধীন হলে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া রাজশাহী পুলিশের ডিআইজি মামুন মাহমুদের নামে এই শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ করা হয়। রাজশাহীর সাবেক পুলিশ কমিশনার জামাল উদ্দিন আল আজাদ জানান, বঙ্গবন্ধু পুলিশ সুপার আব্দুল মজিদকে নামে চিনতেন। ১৯৭২ সালে বঙ্গবন্ধু রাজশাহীতে এসে বলেছিলেন, ‘শহীদ মামুন মাহমুদ ও আব্দুল মজিদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ এরপর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আব্দুল মজিদের নামে একটি একাডেমিক ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নেয়। পরে বড় ওই ভবনের একটি অংশ তাঁর নামে করা হয়।
কয়েক মাস আগে ভবন থেকে শহীদ আব্দুল মজিদের নামটি মুছে ফেলা হয়। বর্তমানে তাঁর নামে প্রতিষ্ঠানের আইসিটি ল্যাবের নামকরণ করা হয়েছে। বিষয়টি জানার পর তাঁর পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ করা হয়েছে। ভবন থেকে নাম মুছে ফেলার বিষয়টি নিয়ে মন্ত্রণালয় থেকে তদন্ত করা হচ্ছে।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ গোলাম মাওলা বলেন, ২০১৪ সালের ১৪ মে কলেজ পরিচালনা কমিটি সিদ্ধান্ত নেয় শহীদ পুলিশ সুপারের নামে কলেজের আইসিটি ল্যাব করা হবে। এ জন্য ভবন থেকে নাম মুছে ল্যাবের নামকরণ করা হয়েছে। তিনি দাবি করেন, একটি ভবনের কোনায় তাঁর নাম লেখা হয়েছিল। কলেজের আলাদা একাডেমিক ভবন না থাকায় এমনটি করা হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে শহীদ পুলিশ সুপার আব্দুল মজিদের মেয়ে ফারজানা শাহনাজ মজিদ বলেন, ‘শহীদ পুলিশ সুপার আব্দুল মজিদ শুধু আমার বাবা নন। তিনি বাংলাদেশের সম্পদ। তাঁর নাম ভবন থেকে মুছে বাংলাদেশের মানুষকে অপমান করা হয়েছে।’ অবিলম্বে তাঁর নাম ওই ভবনে পুনঃস্থাপন করার দাবি জানান তিনি।