ভবন থেকেও এখন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রেণিকক্ষের অভাবে নড়াইলের লোহাগড়া উপজেলার ডিক্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস করছে। (ইনসেটে) অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বিদ্যালয়ের নতুন ভবন। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
শ্রেণিকক্ষের অভাবে নড়াইলের লোহাগড়া উপজেলার ডিক্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস করছে। (ইনসেটে) অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বিদ্যালয়ের নতুন ভবন। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ডিক্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পাঁচ বছর আগে মধুমতী নদীতে বিলীন হয়ে যায়। তখন থেকেই খোলা আকাশের নিচে চলছে বিদ্যালয়টির কার্যক্রম।
   ২০১৪ সালের অক্টোবরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মিত হলেও, জমির মালিকানা নিয়ে জটিলতার কারণে এখনো সেখানে ওঠা সম্ভব হয়নি।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৭২ সালে ৩৩ শতাংশ জমির ওপর ডিক্রিরচর গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২৪৭। শিক্ষক আছেন চারজন। ২০০৯ সালের বর্ষা মৌসুমে ভাঙনেবিদ্যালয়ের পাকা ভবন নদীগর্ভে বিলীন হয়ে যায়। ওই বছর বিদ্যালয় মেরামতের জন্য ৩০ হাজার টাকা সরকারি বরাদ্দ দেওয়া হয়। সেই টাকায় বিদ্যালয়ের মাঠের এক পাশে একটি ছাপড়া তুলে চলতে থাকে শিক্ষা কার্যক্রম। পরের বছর সেটিও নদীতে বিলীন হয়। এরপর থেকেই বিদ্যালয়টির কোনো জায়গা বা ঘর নেই।
শিক্ষক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুকনো মৌসুমে গ্রামের একটি বাঁশঝাড়ের তলায় ক্লাস নেওয়া হয়। বৃষ্টি হলেই সেখানে কাঁদায় সয়লাব। আশপাশের বাগানের বৃষ্টিভেজাবাঁশদুর্গন্ধ ছড়ায়। শৌচাগারের কোনো ব্যবস্থা নেই। গত বছরের বর্ষা মৌসুমেতাইএকটি পোলট্রি খামারে পাঠদান করা হয়েছে। আর এ বছর বর্ষা মৌসুম—প্রায় দেড় মাস ধরে চলেছে গ্রামের একটি বাড়ির গোয়ালঘরে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে ডিক্রিরচর গ্রামে বিদ্যালয়টির অবস্থান। রাস্তার পাশে শক্ত মাটির একটু উঁচু ফাঁকা জায়গায় গাদাগাদি করে বস্তা ও মাদুরে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা।

সহকারী শিক্ষক সেলিনা পারভন বলেন, কয়েক দিন বৃষ্টি না থাকায় এখানে ক্লাস নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের নিচে বসে লিখতে সমস্যা হয়। শীতকালে কুয়াশা পড়ে ও ঠান্ডা বাতাস বয়ে যায়। শৌচাগার ও খাবার পানির ব্যবস্থা নেই। প্রতিদিন ক্লাস শেষে বিদ্যালয়ের ফাইলপত্র, চক-ডাস্টার প্রভৃতি ব্যাগে ভরে বাড়ি নিয়ে যেতে হয়।

প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বলেন, গত অক্টোবরে ৬২ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে বিদ্যালয়ের জন্য নতুন একতলা ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। চেয়ার, বেঞ্চ এবং অন্যান্য আসবাবও এসেছে। যিনি বিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, তিনি তখন তা লিখে দেননি। পরে মালিকানা জটিলতা দেখা দেওয়ায় গত নয় মাসেও ওই ভবনে ওঠা সম্ভব হয়নি।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আল আমিন জানায়, সামনে সমাপনী পরীক্ষা। এ নিয়ে খুব চিন্তিত সে।

অভিভাবক মনোয়ারা বেগম বলেন, ‘নাতি-পোতারা বৃষ্টির জন্যি স্কুলে যায় না। বাড়িতে প্রাইভেট দিছি।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য জামাল শেখ বলেন, গ্রামবাসী চেষ্টা করেও ওই ভবনে শিশুদের ওঠার ব্যবস্থা করতে পারেননি। শিশুদের শিক্ষা নিয়ে তাই অনিশ্চয়তার মধ্যে পড়তে হচ্ছে।

লোহাগড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘জমির মালিকেরা বিদ্যালয়ের জন্য জমিটি দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। তখন জমিটি আমাদের লিখে নেওয়া দরকার ছিল। এ ক্ষেত্রে আমাদের ভুল হয়ে গেছে। বিষয়টি নিয়ে গত ৩০ জুলাই উপজেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আলোচনাও হয়েছে। সমাধানের চেষ্টা চলছে।’