ভবন দখলে রেখে সোনালী ব্যাংকের শাখা পরিচালনা
রংপুরের বদরগঞ্জে নয় বছর ধরে একটি ভবন দখলে রেখে সোনালী ব্যাংকের শাখা পরিচালনার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল সোমবার সকালে ভবনের মালিক ব্যাংকে তালা লাগাতে গেলে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় তিন ঘণ্টা লেনদেন বন্ধ থাকে।
এর আগে গত বৃহস্পতিবার ভবন দখল করে ব্যাংক কার্যক্রম পরিচালনার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন ভবনের মালিক হেনা মো. ফেরদৌস। এদিকে ভবন দখলে নিতে চাওয়ায় তাঁকে মামলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ এনে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে গত শনিবার রাতে বদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ভবনের মালিক।
লিখিত অভিযোগে বলা হয়েছে, বদরগঞ্জ পৌর শহরের এলএসডি গুদাম সড়কে ব্যাংকটি অবস্থিত। আড়াই হাজার বর্গফুটের একটি ভবন ১৯৯৭ সালের ৩০ জানুয়ারি সোনালী ব্যাংক বদরগঞ্জ শাখা কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য প্রতি মাসে চার হাজার টাকার চুক্তি হয়। ভাড়ার মেয়াদ ছিল ২০০৫ সালের ২৩ নভেম্বর পর্যন্ত। এর পর থেকে ওই ভবনে ব্যাংকের শাখাটি পরিচালনায় আবার চুক্তি নবায়ন ও ভাড়া নতুনভাবে নির্ধারণ করার জন্য তাগাদা দিয়ে আসছেন তিনি। অন্যথায় ভবনটি ছেড়ে দেওয়ার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
ভবন মালিকের অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ নয় বছর ধরে চুক্তি নবায়ন ও ভাড়া না দিয়ে ভবনটি দখলে রেখে ব্যাংকের কার্যক্রম চালাচ্ছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে তিনি সোনালী ব্যাংকের রংপুরের মহাব্যবস্থাপক (জিএম), উপমহাব্যবস্থাপকসহ (ডিজিএম) স্থানীয় শাখা ব্যবস্থাপকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো ফল পাননি।
এ অবস্থায় গতকাল ফেরদৌস ও তাঁর লোকজন ব্যাংক ভবনে তালা লাগাতে গেলে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে বাগিবতণ্ডা হয়। এ সময় প্রায় তিন ঘণ্টা লেনদেন বন্ধ থাকে। খবর পেয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা বৈঠকে বসেন। বৈঠকে নয় বছরের বকেয়া পরিশোধের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ১৫ দিনের সময় দেওয়া হয়। এরপর দুপুর থেকে লেনদেন শুরু হয়।
সোনালী ব্যাংক বদরগঞ্জ শাখার ব্যবস্থাপক মোস্তফা কামাল বলেন, চুক্তির মেয়াদ উত্তীর্ণের পর কর্তৃপক্ষ অনুমোদন না দেওয়ায় ভবনের ভাড়া দেওয়া হয়নি। অনুমোদন পেলে দ্রুত তা দেওয়া হবে।
সোনালী ব্যাংক রংপুরের মহাব্যবস্থাপক আ ফ ম আলী আসগার মুঠোফোনে বলেন, ভবনের মালিক হেনা মো. ফেরদৌসের বাবা রফিক উদ্দিনের নামে একটি ঋণ ছিল। ওই খেলাপি ঋণ আদায়ে ব্যাংক তাঁর বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করেছে। তিনি ইতিমধ্যে মারা গেছেন। এ কারণে ঋণ আদায়ে জটিলতা দেখা দেওয়ায় ভবনের ভাড়া পরিশোধ করা হয়নি। আর ব্যাংক পরিচালনায় নতুন করে ভবন অ্যাগ্রিমেন্ট করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।