ছাত্রলীগের চাঁদাবাজির কারণে বন্ধ হওয়া দুটি ভবনের নির্মাণকাজ আবার শুরু হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গতকাল শনিবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনুরোধ করা হলে ভবন দুটির নির্মাণকাজ শুরু করা হয়। নির্মাণশ্রমিককেরা জানান, গতকাল সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা রবীন্দ্রনাথ ঠাকুর হল ও নতুন প্রশাসনিক ভবনের নির্মাণকাজ দেখতে আসেন। এ সময় তাঁরা ঠিকাদারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। শ্রমিকেরা জানান, কাজ বন্ধ হওয়ার পর নতুন প্রশাসনিক ভবনের প্রায় ৮-১০ জন নির্মাণশ্রমিক কাজ ফেলে পালিয়ে যান। মল্লিক এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমান মল্লিক প্রথম আলোকে বলেন, উপাচার্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকালে নির্মাণাধীন বিভিন্ন ভবন ঘুরে দেখে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কাজ শুরু করা হয়েছে।উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে কর্তৃপক্ষের অবস্থান অত্যন্ত কঠোর। সুনির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে অভিযোগ পেলে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ পরিচয় দিয়ে ১০-১৫ জন চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ করতে বলেন। গতকাল প্রথম আলোয় ‘ছাত্রলীগের চাঁদাবাজি, দুটি ভবনের নির্মাণকাজ বন্ধ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।