ভবন ধসে পড়ার আতঙ্কে কয়েদি ও কারারক্ষীরা
খুলনা কারাগারের একাধিক জরাজীর্ণ ভবনে ধারণক্ষমতার প্রায় তিন গুণ বন্দী রয়েছে। যেকোনো সময় ভবনধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বন্দী ও কারারক্ষীরা। একই ধরনের আতঙ্কে রয়েছেন ফরিদপুর জেলা কারাগারের ৩৯৮ জন বন্দী ও কারারক্ষীরা। খুলনার জেল সুপার নূরুন্নবী ভুঁইয়া বলেন, ‘চার-পাঁচ বছর ধরে কোনো ভবনই সংস্কার করা হয়নি। আমরা গণপূর্ত বিভাগকে বারবার সংস্কার করার জন্য বলেছি। কিন্তু তারা কিছুই করছে না। রানা প্লাজা ধসের পর গণপূর্ত বিভাগ কিছু কাজ করেছিল, কিন্তু হঠাৎ তাও বন্ধ করে দিয়েছে। এখন বিভিন্ন ভবনের বিভিন্ন জায়গার পলেস্তারা খসে খসে পড়ছে।’খুলনা কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, খুলনা কারাগারে একটি হাসপাতাল ভবনসহ ১১টি ভবন আছে। এতে বন্দী ধারণক্ষমতা ৬০৮ জন। বর্তমানে বন্দী আছে এক হাজার ৬৩৫ জন। ১৯১২ সালে নির্মিত এসব ভবন বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে রূপসা ভবনটির অবস্থা সবচেয়ে খারাপ। খুলনা গণপূর্ত-১-এর নির্বাহী প্রকৌশলী কাজী ওয়াসিফ আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘মেরামত কাজ চলছে। রূপসা ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। অন্যদিকে যে ভবনে কয়েদিরা থাকে সেটিও বেশ ঝুঁকিপূর্ণ। তার পরও মেরামতের কাজ চলছে।’ তিনি জানান, নতুন কারাগারের জন্য জমি ঠিক করা হয়েছে। আগামী বছরের মধ্যে টাকা পাওয়া যাবে। নতুন কারগারটি হলে আর সমস্যা থাকবে না।ফরিদপুর কারাগার সূত্র জানায়, ১৮২৫ সালে স্থাপিত এই কারাগারে বন্দী ধারনক্ষমতা ৭২০ জন। বর্তমানে বন্দী আছেন ৭৮৭ জন। এখানে আছে একটি চারতলা ও একটি দোতলা ভবন। এ ছাড়া একতলা মহিলা ওয়ার্ড, বয়স্কদের জন্য টিনশেড ও একটি টিনশেডের হাসপাতাল রয়েছে। এই পাঁচটি ভবনের মধ্যে দোতলা ও চারতলা ভবন দুটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ।কারা তত্ত্বাবধায়ক জাহানারা বেগম জানান, ২৯ এপ্রিল কারাগারের কতিপয় ভবনে ফাটল এবং দীর্ঘদিনের পুরাতন ভবন জরাজীর্ণ হওয়ায় ব্যবহারের অনুপযোগী হওয়া প্রসঙ্গে জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে জানানো হয়েছে।।ফরিদপুর জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী শওকত আলী বলেন, ‘কারাগার সংস্কারের জন্য কোনো টাকা বরাদ্দ নেই। তাই এখনই কাজে হাত দেওয়া সম্ভব নয়।’