ভবন ধসের ঘটনায় খ্রিষ্টান সমাজের আজ বিশেষ প্রার্থনা
গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজায় ভবন ধসে নিহত, আহত ও পঙ্গুত্বের শিকার হওয়া ব্যক্তি এবং তাঁদের শোকার্ত পরিবার ও দেশের আপামর দীন-দুঃখী মানুষের সঙ্গে একাত্ম হয়ে আজ শনিবার দেশের খ্রিষ্টান সমাজ বিশেষ ত্যাগ ও প্রার্থনা দিবস পালন করবে। দিবসটির কার্যক্রমের মধ্যে রয়েছে বিশেষ প্রার্থনা। এ ছাড়া ব্যক্তিগত, পারিবারিক, সমাজগত, আন্তমাণ্ডলিক পর্যায়ে ত্যাগ স্বীকার, উপবাস ছাড়াও দুর্ঘটনায় নিহত, আহত, পঙ্গুত্বের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের জন্য অর্থ-সাহায্য ও অনুদান সংগ্রহ করা হবে।
খ্রিষ্টান সমাজের বিশেষ ত্যাগ, প্রার্থনা ও আরাধনা: ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের অনুরোধে কাল রোববার রোম নগরের স্থানীয় সময় বিকেল পাঁচটায় (বাংলাদেশ সময় রাত নয়টায়) পোপ ও বিশ্বজনীনমণ্ডলীর সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায় ঘণ্টাব্যাপী খ্রিষ্টপ্রসাদীয় আরাধনা করবে। রবিবাসরীয় উপাসনায় সাভারে নিহতদের এবং দেশের সব শ্রমিক ও দীন মানুষের জন্য প্রার্থনা করা হবে। বিজ্ঞপ্তি।