ভবন নদীগর্ভে, শিক্ষকের বাড়িতে চলছে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর বিএসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। ফলে বিদ্যালয়ের এক শিক্ষকের বাড়িতে কোনোমতে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে।বিদ্যালয়টির প্রধান শিক্ষক গুলশান আরা বলেন, গত বছর বিদ্যালয়ের ভবনটি নদীর ভাঙনে হুমকির মুখে পড়ে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও স্থানান্তরের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ১৪ সেপ্টেম্বর ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। তখন থেকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলফিকার রহমানের বাড়িতে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। এতে লেখাপড়া ব্যাহত হচ্ছে।বিদ্যালয় সূত্র জানায়, ১৯১৪ সালে স্থাপিত এই বিদ্যালয়ে শিক্ষক তিনজন। ছাত্রছাত্রীর সংখ্যা ১৯৫ জন। চরাঞ্চলে অবস্থিত হওয়ায় বিদ্যালয়টির কোনো উন্নয়ন হয়নি। মেঝে পাকা টিনশেড ঘরে প্রশাসনিক কাজ ও পাঠদান চলছিল। সেটি ভেঙে যাওয়ায় শিক্ষক ও ছাত্রছাত্রীরা দিশাহারা হয়ে পড়েছে। হরিপুর গ্রামের অভিভাবক নাজিমুল ইসলাম বলেন, বিদ্যালয়ের পরিবেশ বাড়িতে পাওয়া যায় না। আশপাশের বাড়ির লোকজনের হইচইয়ের কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মনোযোগ নষ্ট হচ্ছে। তাই দ্রুত নিরাপদ জায়গায় বিদ্যালয়টি স্থানান্তর করা দরকার।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আতিকুর রহমান বলেন, বিদ্যালয়টি অন্যত্র নির্মাণের জন্য অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।