১২ হাত দৈর্ঘ্য এবং ১৫ হাত প্রস্থের ছোট তিনটি ভাঙাচোরা তিনটি শ্রেণিকক্ষ। টিনের ছাউনিও মাথা ছুঁই ছুঁই। গ্রীষ্মে ছাউনির টিনের গরমে হাঁসফাঁস করে শিশু শিক্ষার্থী ও শিক্ষকেরা। বর্ষায় টিনের চালের ছিদ্র দিয়ে গড়িয়ে পড়ে বৃষ্টির পানি। তখন কাদাপানিতে একাকার হয়ে যায় মাটির মেঝে।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের শেখালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। দীর্ঘ ১৪ বছরেও বিদ্যালয়টির জন্য কোনো ভবন নির্মাণ না হওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে পাঠদান।
সরেজমিনে গত মঙ্গলবার বিদ্যালয়ে দেখা গেছে, ছোট তিনটি কক্ষে ভাঙা বেঞ্চে গাদাগাদি করে বসে শিক্ষার্থীরা ক্লাস করছে। প্রচণ্ড গরমের মধ্যে গাদাগাদি করে বেঞ্চে বসতে হওয়ায় কষ্ট পাচ্ছে শিশুরা। তিন শ্রেণিকক্ষের মধ্যে কোনো পার্টিশন (দেয়াল) নেই। এতে এক শ্রেণির শিশুদের পাঠদান করার সময় শোরগোল সৃষ্টি হওয়ায় অন্য শ্রেণির পাঠদান ব্যাহত হচ্ছে। এ ছাড়া কোনো দাপ্তরিক কক্ষ না থাকায় পঞ্চম শ্রেণির কক্ষের একটি টেবিলে প্রয়োজনীয় কাগজপত্র স্তূপ করে রাখতে হচ্ছে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অপূর্ব সাহা, শাকিল আহমেদ; চতুর্থ শ্রেণির ববিতা; তৃতীয় শ্রেণির সৌরভ কুমার বলে, টিনের ছোট ঘরে গরমের সময় তাদের খুব কষ্ট হয়। বর্ষাকালে বৃষ্টিতে ভিজে ক্লাস করতে হয়। শিক্ষক কী পড়ান, তা ঠিকমতো শোনাও যায় না।
অভিভাবক আবদুল ওহাব, নুরুন্নবী সরকার ও চন্দন সাহা বলেন, বিদ্যালয়টিতে পাঠদানবান্ধব পরিবেশ নেই। তবু অনুন্নত যোগাযোগব্যবস্থা ও আশপাশে কোনো বিদ্যালয় না থাকায় বাধ্য হয়ে তাঁরা সন্তানদের ওই বিদ্যালয়ে পাঠান।
সহকারী শিক্ষক জিন্নাতুন নেছা বলেন, দীর্ঘদিনেও ভবন না হওয়ায় শিক্ষার্থী-শিক্ষক সবাইকেই ভোগান্তি পোহাতে হচ্ছে।
প্রধান শিক্ষক রিক্তা রানী বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করা হয়েছে। প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। কয়েক বছর আগে শুধু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এক টন চাল বরাদ্দ দিয়েছিলেন। তিনি আরও জানান, ২০০১ সালে ৩৫ দশমিক ৫ শতক জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ইউনিয়নের শেখালীপাড়া, চাঁদপাড়া, মোগলিশপুর, বারপাইকেরগড় ও বৈদর গ্রামের দেড় শতাধিক শিশু এখানে লেখাপড়া করে। তাদের জন্য রয়েছেন চারজন শিক্ষক।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. মাহফুজুর রহমান বলেন, স্থানীয় সাংসদের নির্দেশে ওই বিদ্যালয়ের ভবন নির্মাণে প্রয়োজনীয় কাগজপত্র প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।
দিনাজপুর-৬ আসানের সাংসদ শিবলী সাদিক বলেন, তিনি বিদ্যালয়টির দুরবস্থার কথা জানতে পেরে নিজের ব্যক্তিগত সহকারীকে পাঠিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। বরাদ্দ পাওয়া গেলে সবার আগে এই বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হবে।