ভবন না থাকায় পাঠদান বন্ধ ১৭০ শিক্ষার্থী বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘর না থাকায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উক্তিয়ারগাঁও নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ মে থেকে পাঠদান কার্যত বন্ধ রয়েছে। ফলে এ বিদ্যালয়ের ১৭০ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের একমাত্র আধাপাকা ভবনটি ১৭ বছর আগে ঝড়ে ভেঙে পড়ে। আজ পর্যন্ত ভবন নির্মাণ করা হয়নি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক জানান, বিদ্যালয়ের নতুন ভবনের জন্য ফেব্রুয়ারি মাসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে প্রাক্কলন করে উপজেলা শিক্ষা কমিটির সভার কার্যবিবরণীসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

উপজেলা শিক্ষা কার্যালয় ও বিদ্যালয় সূত্র জানায়, উক্তিয়ারগাঁও নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় উপজেলার দক্ষিণ-পূর্ব দিকের শ্রীপুর ইউনিয়নের শেষ সীমানায় অবস্থিত। এটিতে উক্তিয়ারগাঁও ও নোয়াগাঁও গ্রামের শিশুরা পড়াশোনা করে। এ দুটি গ্রামের উত্তর, পূর্ব ও পশ্চিমে টাংগুয়ার হাওর এবং দক্ষিণে ঘাসী মনাই নদী। এ কারণে বর্ষার সাত মাসই বিদ্যালয় এলাকার চারপাশ পানিতে নিমজ্জিত থাকে।

বিদ্যালয়ের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি ও গ্রামবাসী জানান, ১৯৯৬ সালের মে মাসে বিদ্যালয়ের একমাত্র আধাপাকা ভবনটি ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ে। ওই সময় থেকেই ভবনসংকটের কারণে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ভেঙে পড়ে। ২০০০ সালে গ্রামবাসী উক্তিয়ারগাঁও গ্রামের মসজিদের সামনে ১২ ফুট প্রস্থ ও ১৫ ফুট দীর্ঘ একটি টিনের দোচালা ঘর তৈরি করে। এ ঘরটিও চলতি বছরের ১০ মে ঝড়ে ভেঙে পড়ে।

গত রোববার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, উক্তিয়ারগাঁও মসজিদের সামনে বিদ্যালয়ের ঘরটি ভেঙে ভিটির ওপর পড়ে আছে। মসজিদের বারান্দা ও পড়ে থাকা ঘরের মধ্যে কয়েক ফুট খোলা জায়গায় কোনো রকমে দুটি বেঞ্চ বসানো হয়েছে। এখানেই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ১১ জন শিক্ষার্থীকে বসিয়ে পাঠদানের চেষ্টা করছেন শিক্ষক।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া খাতুন বলেন, ‘আমরা প্রতি মাসেই বিদ্যালয়ের এ করুণ চিত্রের কথা জানিয়ে প্রতিবেদন দিয়ে থাকি। যেখানে শিশুদের দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই, সেখানে পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে কীভাবে চলতে পারে? বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্রও নিজ বাড়িতে নিয়ে রাখতে হয়।’

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী নুর বলেন, আবহাওয়া ভালো থাকলে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা পড়তে আসে। অন্যদের প্রয়োজন হলে খবর দিয়ে আনতে হয়। বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য প্রতিবছরই কয়েকবার ইউএনও, শিক্ষা কার্যালয় ও এলজিইডিতে লিখিত আবেদন করা হচ্ছে। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম জানান, গ্রামবাসীর সহায়তায় বিদ্যালয়টির অস্থায়ী ঘর নির্মাণের চেষ্টা চলছে।